সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন স্থানসহ সিরাজগঞ্জ রোডের গোলচত্বর ও নলকা সেতুতে কার্পেটিং উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। গোলচত্বর ও বাসস্ট্যান্ডের বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণ সম্পন্ন না করায় পানিনিষ্কাশন বন্ধ হয়ে গেছে।
সিরাজগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, গাড়িচালক ও যাত্রী সূত্র জানায়, উত্তরবঙ্গের একমাত্র প্রবেশপথ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা থেকে হাটিকুমরুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের বিভিন্ন স্থানে কার্পেটিং (বিটুমিন পাথর) উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। নলকা সেতুর সম্প্রসারণ সংযোগ (এক্সপানশন জয়েন্ট) ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং কার্পেটিং উঠে যাওয়ায় সেখানেও অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
অপর দিকে সিরাজগঞ্জ রোড গোলচত্বরের চারপাশের কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্ত হয়েছে। এসব স্থানে পানি জমে থাকায় পাথর ও বিটুমিন উঠে গর্তগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। গোলচত্বরের পুরো বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃষ্টির পানি বের না হওয়ায় জলাবদ্ধতার মধ্যেই যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কোচ, বাসসহ বিভিন্ন যানবাহন মহাসড়কের ওপরেই থামিয়ে যাত্রীদের ওঠা-নামানো করা হচ্ছে। এ কারণে যানজট লেগেই থাকছে।
গোলচত্বর ও বাসস্ট্যান্ডের পানিনিষ্কাশনের জন্য সড়কের উত্তর দিকে হাইওয়ে হোটেল ফুড ভিলেজের সামনে দিয়ে ধোপাকান্দি খাল পর্যন্ত সওজ বিভাগ দুই বছর আগে একটি নালা নির্মাণ শুরু করে। বরাদ্দ অর্থ দিয়ে গোলচত্বর থেকে হোটেল ফুড ভিলেজের অর্ধেক অংশে (প্রায় ৪০০ মিটার) গিয়ে শেষ হয়। বাকি দেড় শ মিটার নালা স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ করার কথা ছিল। কিন্তু দীর্ঘ দুই বছরেও বাকি নালার কাজ করা হয়নি। এ কারণে গোলচত্বর থেকে পানিনিষ্কাশন স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।
বাসস্ট্যান্ডে উপস্থিত বাসচালক আবদুর রহিম ও আক্কেল আলী বলেন, এমনিতেই গোলচত্বরে গর্ত, তার ওপর বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে। সড়কের দুই পাশে পানি জমে থাকায় গাড়ি থামানো দূরের কথা, যাত্রীরাও দাঁড়াতে পারছে না। এ কারণে বাধ্য হয়ে মহাসড়কের ওপরেই যাত্রীদের ওঠা-নামা করতে হচ্ছে। ফলে দূরপাল্লার যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজট সৃষ্টি হচ্ছে। পানি বের না হওয়া পর্যন্ত এ সমস্যার সমাধান হওয়া কঠিন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, পানিনিষ্কাশন না হওয়ায় গোলচত্বরসহ পুরো এলাকায় ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। ঈদ সামনে রেখে প্রতিদিন যানবাহনের সংখ্যা বাড়ছে। মহাসড়কের ওপর দাঁড়ানো গাড়িগুলো সরাতে পুলিশকে চরম হিমশিম খেতে হচ্ছে। বিষয়গুলো পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সওজ বিভাগ, এলজিইডি কর্তৃপক্ষ এবং ফুড ভিলেজের মালিকপক্ষকে জানানো হলেও পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থাই তারা করেনি। ফুড ভিলেজ কর্তৃপক্ষ বাকি নালা নির্মাণ করবে বলে আশ্বাস দিলেও তারা তা করেনি।
ফুড ভিলেজের মহাব্যবস্থাপক আবদুস সেলিম বলেন, ‘স্থাপনাটি এলজিইডির। আমরা ভাড়া নিয়েছি। তা ছাড়া সওজ বিভাগ তাদের জায়গায় নালা নির্মাণ করবে। এখানে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’
সিরাজগঞ্জের সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ইতিপূর্বে বরাদ্দ থেকে নালা নির্মাণ করা হয়েছে। ফুড ভিলেজ হোটেলে যানবাহন প্রবেশের জন্য বাকিটুকুর দায়িত্ব এলজিইডি গ্রহণ করেছিল। কিন্তু পরবর্তী সময়ে তারা করেনি। এ দায়িত্ব তাদের। বিভিন্ন স্থানে গর্ত হওয়া জায়গায় ইট দিয়ে সংস্কার করা হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে বিটুমিন দিয়ে কাজ করা হবে। নলকা সেতুর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সপানশন জয়েন্টটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বল্প সময়ে এটি ঠিক করা সম্ভব নয়।
সিরাজগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, নালার নকশা বানিয়ে অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও অনুমোদন আসেনি। এ কারণে করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ফুড ভিলেজ কর্তৃপক্ষকে পানিনিষ্কাশনের জন্য পাম্প মেশিন স্থাপনের জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে নালাটির বাকি অংশের কাজ সওজ বিভাগকেই সম্পন্ন করতে হবে। এলাকাটি সওজের হওয়ায় এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিচ্ছে না।