বঙ্গবন্ধু সেতুর সিকিউরিটি ইনচার্জ সস্ত্রীক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে সড়ক দুর্ঘটনায় সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি ইনচার্জ মেজর (অব.) তারেক বিন রশিদ সস্ত্রীক নিহত হয়েছেন। শুক্রবার রাতে সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান মেটালজিক্যাল কনস্ট্রাকশন কোম্পানি অব চায়নার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি ইনচার্জ তারেক বিন রশিদ (৫৫) শুক্রবার বিকেলে স্ত্রীকে নিয়ে সিরাজগঞ্জে যান। সিরাজগঞ্জ থেকে যমুনা রিসোর্ট এলাকায় তাঁর বাসায় ফেরার পথে ওইদিন রাত একটার দিকে কালিহাতী উপজেলার সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজার কাছে তাঁর ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারেকের স্ত্রী ফারহানা মুনমুন (৩৫) মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় তারেককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বল্লভপুর গ্রামে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, তারেকের লাশ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে। তাঁর যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলেমেয়েরা দেশে ফিরলে তাঁকে দাফন করা হবে।