বঙ্গবন্ধু সেতুর সেই টোলকর্মীকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার সময় হাইকোর্টের বিচারপতির গাড়ি আটক করার ঘটনায় দায়ের করা মামলার আসামি টোল প্লাজার সিকিউরিটি সুপারভাইজার মো. আসাদুজ্জামানকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল রোববার সিরাজগঞ্জ আমলি আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ইন্দ্রজিৎ সাহা বলেন, এই মামলার আসামির বিরুদ্ধে পুলিশ সঠিকভাবে তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। পরবর্তী সময়ে আদালত তিন দফায় ৩৫ দিন সময় মঞ্জুর করেন। কিন্তু এর পরও পুলিশ তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হলে আদালত গতকাল শুনানি শেষে আসামিকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন।
গত ৪ জুন বঙ্গবন্ধু সেতু পার হওয়ার সময় হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসানের গাড়ির বহর টোল প্লাজার নির্ধারিত টাকা পরিশোধ না করায় সেতুর পশ্চিম প্রান্তে বিচারকের গাড়ি আটক করেন ওই সুপারভাইজার। এ সময় বিচারপতি তাঁকে গ্রেপ্তারের আদেশ দিলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) একটি জিডি করেন।