বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন না, তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের নেতা। তাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম আদালতের নিষেধাজ্ঞায় মুছে ফেলা যাবে না।ময়মনসিংহ জেলা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার জেলা স্টেডিয়ামে ‘তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া এসব কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ২০০৫ সালে দেশব্যাপী ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সুপারিশ মূল্যায়নের লক্ষ্যে সম্প্রতি দেশের ১০টি স্থানে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।গতকালের সভায় রফিকুল ইসলাম মিয়া সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘খালেদা জিয়ার নিরাপত্তা বিঘ্নিত হলে আপনার (শেখ হাসিনা) নিরাপত্তাও থাকবে না।’ তিনি বলেন, ‘আদালতের রায়ে দেশের স্বাধীনতা আসেনি, স্বাধীনতা এসেছে জনগণের রায়ে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। কেননা শেখ মুজিবুর রহমান এই দেশের না, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের নেতা ছিলেন। একাত্তরে শেখ মুজিবর রহমান ভুট্টো ও ইয়াহিয়ার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আলোচনা করেছিলেন।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, সরকারের কালো হাত ভেঙে দিতে জনগণ উদ্গ্রীব। আওয়ামী লীগ শকুনের চেয়েও অধম হয়ে গেছে। তারা লাশ নয়, কবর ঠোকরানো শুরু করেছে। অচিরেই সর্বাত্মক আন্দোলন শুরু করতে হবে। তারেক রহমান এতে সিপাহসালারের দায়িত্ব পালন করবেন। এখনই আন্দোলন শুরু করতে হবে। দেরি করলে জনগণ ক্ষমা করবে না।অধ্যাপক মুহাম্মদ আমিরুল ইসলাম বলেন, তৃণমূল থেকে যেন আরও তারেক জিয়ার জন্ম হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোশাররফ হোসেন মিঞার সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন কবি ও সাংবাদিক এরশাদ মজুমদার, অধ্যাপক প্রবীর কুমার বিশ্বাস, সাংবাদিক খান মোহাম্মদ খালেদ, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।