বঙ্গবন্ধু স্মরণে যুক্তরাজ্যে কবিতার আসর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত ওই আসরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় কবি ও সাহিত্যিকেরা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি করেন।
বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবার ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচির মধ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ ও এর ওপর আলোচনা এবং বঙ্গবন্ধুর ওপর রচিত কবিতা ও প্রবন্ধ পাঠের মতো ব্যতিক্রমী কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ১ আগস্ট থেকে প্রতিদিন বঙ্গবন্ধুর স্মরণে কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করছে যুক্তরাজ্য আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত কবিতা পাঠের আসরে বঙ্গবন্ধুর ওপর রচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেন কানাডা প্রবাসী কবি আবদুল হাসিব, কবি মিলটন রহমান, কবি আহমদ ময়েজ, কবি নাজ রহমান, আবৃত্তিকার সালাউদ্দিন শাহীন, সংস্কৃতিকর্মী সৈয়দা রেখা ফারুক ও ওমর ফারুক প্রধান, সাংবাদিক জুয়েল রাজ ও আবদুল কাদির মুরাদ, যুবলীগ নেতা শামীম আহমদ ও জামাল খান এবং যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সারওয়ার কবির। বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে পাঠ করেন সাংবাদিক তানভীর আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। কবিতার আসর পরিচালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি হরমুজ আলী, সহসভাপতি আবুল হাশেম, যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, প্রবাস কল্যাণ বিষয়ক সম্পাদক আনসারুল, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ।