বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ভারতের প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। খবর বাসসের।কড়া নিরাপত্তার মধ্যে বেলা ১২টা ৫৫ মিনিটে মনমোহন সিং তাঁর স্ত্রীকে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরের সেই ঐতিহাসিক বাড়িতে পৌঁছান। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর মহান এই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।পরে জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান ভারতের প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবন ঘুরে দেখান। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোদাচ্ছের আলী উপস্থিত ছিলেন।ভারতের প্রধানমন্ত্রী প্রথমে দোতলা ভবনটির নিচতলা পরিদর্শন করেন। সেখানে বঙ্গবন্ধু, তাঁর তরুণ নেতৃত্ব, স্বাধীনতার জন্য তাঁর কঠোর সংগ্রাম এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রয়াত প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভ ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি দেখেন।নিচতলা পরিদর্শন শেষে মনমোহন ভবনটির দোতলায় ওঠেন এবং সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাধারণ জীবনযাত্রার প্রতিচ্ছবি প্রত্যক্ষ করেন। ভারতের প্রধানমন্ত্রী সেখানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের ছবিও দেখেন। এ সময় জাদুঘরের কিউরেটর বিভিন্ন বিষয়ে তাঁর কাছে বিস্তারিত বর্ণনা দেন।জাদুঘর ত্যাগের আগে মনমোহন সিং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। কিউরেটর সিদ্দিকুর রহমান বঙ্গবন্ধুর ওপর লেখা কিছু বই ও অ্যালবাম ভারতের প্রধানমন্ত্রীকে উপহার দেন।পরিদর্শন বইতে মনমোহন লেখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর প্রেরণাদায়ী ও উৎসাহজনক নেতৃত্বের মাধ্যমে তাঁর জনগণের স্বাধীনতাসংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার জনক ও গর্ব এই মহান নেতা ও রাষ্ট্রনায়কের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’