ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী বছরের ১৬ ডিসেম্বর মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ চত্বরে গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রকল্পের গ্রাউন্ড স্টেশন স্থাপন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমরা অন্যদের স্যাটেলাইট ভাড়ায় ব্যবহার করে আসছি। এতে বছরে প্রায় ১৪ মিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে। এ প্রকল্প সম্পন্ন হলে আমাদের স্যাটেলাইট অন্যদের ভাড়া দিয়ে ৬-৭ বছরের মধ্যে এই প্রকল্পের খরচ তুলে আনতে সক্ষম হব। এটি একটি বিশাল প্রকল্প। এত বিশাল প্রকল্পের মাঝে সম্মানটাও বিশাল।’
তারানা হালিম আরও বলেন, ১৯৫১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ তদারকি করতে একটি কোম্পানি গঠনের প্রক্রিয়া চলছে।
মুঠোফোনের সিম নিবন্ধন করার ক্ষেত্রে আঙুলের ছাপ নিয়ে আদালতে রিট করার বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ওই রিটটি অনুমাননির্ভর। আমরা আদালতে তথ্য ও প্রমাণনির্ভর সবকিছু উপস্থাপন করব। এতে এ রিটটি টিকবে বলে মনে করি না।’
প্রকল্পের কাজ পরিদর্শনের সময় অন্যদের মধ্যে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।