বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের জন্য ঋণ চুক্তি
দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ তৈরিতে ১৫ কোটি ৭৫ লাখ ইউরো বা ১ হাজার ৪০০ কোটি টাকা ঋণ হিসেবে নিচ্ছে সরকার। এ জন্য আজ শুক্রবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বহুজাতিক ব্যাংক হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর রমনায় বিটিআরসির কার্যালয়ে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ও এইচএসবিসি বাংলাদেশের উপপ্রধান নির্বাহী মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরির মূল কাজটি করছে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া নামের একটি প্রতিষ্ঠান।
মূল স্যাটেলাইটের অবকাঠামো তৈরি, স্যাটেলাইট সিস্টেম কেনা, গ্রাউন্ড স্টেশন নির্মাণে ঋণের অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। এই ঋণের সুদের হার ধরা হয়েছে ১ দশমিক ৫১ শতাংশ ও লাইবর (লন্ডন আন্তব্যাংক সুদহার) সুদহার। এর মানে হলো ১ দশমিক ৫১ শতাংশ সুদের সঙ্গে লাইবরের প্রযোজ্য সুদ হার যোগ হবে। বিটিআরসিকে এই ঋণ আগামী ১২ বছরে মোট ২০টি কিস্তিতে শোধ করতে হবে।
তারানা হালিম বলেন, ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। এই প্রকল্পের কাজ কত দূর এগোল, সেটি নির্দিষ্ট অন্তর অন্তর জানানো হবে।