
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিদ্ধান্ত ছিল নগরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে কোনো হকার বসতে পারবে না। শুধু নির্দিষ্ট চারটি সড়কের ফুটপাতেই হকার বসবে। তবে গতকাল বৃহস্পতিবার বিকেলে দেখা গেল উল্টো চিত্র। ওই চার সড়কে তেমন কোনো হকার নেই। সব হকার বসেছে বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে।
জেলা প্রশাসন, পুলিশ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী, নগরের সলিমুল্লাহ সড়ক, খানপুর হাসপাতাল সড়ক, নবাব সিরাজউদৌল্লা সড়ক ও শহীদ সোহরাওয়ার্দী সড়কের (চেম্বার) ফুটপাতে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত হকার বসার কথা থাকলেও সেখানে তেমন কোনো হকার দেখা যায়নি। বিকেল চারটার পর থেকেই বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকাররা বসে পড়েন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই হকারদের তুলে দিতে পুলিশের কিছু তৎপরতা দেখা যায়। তবে এর প্রভাব বেশিক্ষণ ছিল না।
বিকেল পাঁচটার দিকে দেখা গেছে, বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া সোনালী ব্যাংক মোড় থেকে দুই নম্বর রেলগেট পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতে হকাররা শীতের পোশাকসহ বিভিন্ন পণ্য নিয়ে বসে আছেন। ওই সড়কের ফুটপাতের বেশির ভাগ জায়গাজুড়ে হকাররা বেচাকেনা শুরু করেন। এ কারণে ফুটপাত দিয়ে নারী, শিশুসহ পথচারীদের ভোগান্তি পোহাতে হয়। অনেক পথচারী বাধ্য হয়ে সড়ক দিয়ে হেঁটে যান। জুতা বিক্রেতা জুয়েল হাসান বলেন, বঙ্গবন্ধু সড়কে বেশি মানুষ যাতায়াত করে। এখানে বেচাকেনা ভালো। কিন্তু এই সড়কে না বসলে বেচাকেনা হবে না।

কাপড় বিক্রেতা হকার রুহুল আমিন বলেন, ‘আমাদের এই সড়কেই অফিস ছুটির পর বিকেলে বসতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। আমরা জনসাধারণের চলাচলের জন্য ফুটপাতের জায়গা ছেড়ে ব্যবসা করব।’
তবে পথচারী শফিকুল ইসলাম বলেন, ফুটপাত কোনোভাবেই হকারদের দখলে দেওয়া যাবে না। দীর্ঘদিন পর নগরবাসী হকারমুক্ত ফুটপাতে স্বস্তিতে হাঁটতে পেরেছে। ফুটপাতে হকার না থাকায় নগরে যানজটও ছিল কম। ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, ‘ফুটপাত হকারমুক্ত রাখার জন্য মেয়র আহত হওয়াসহ বহু মানুষের রক্ত ঝরেছে। আমরা হকারমুক্ত ফুটপাত চাই।’
নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘হকারদের বঙ্গবন্ধু সড়কে বসতে দেওয়া হোক।’ বঙ্গবন্ধু সড়ক বাদে চারটি সড়কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওই সব সড়কের ফুটপাতে আগে থেকেই হকার আছে। আর প্রশাসনের ওই সিদ্ধান্ত আমরা মেনে নিইনি।’
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, বিকেলে যেসব হকার বঙ্গবন্ধু সড়কে বসেছেন, তাঁদের রাতে তুলে দেওয়া হয়েছে। তবে স্বল্পসংখ্যক পুলিশ দিয়ে এত হকার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে তিনি জানান।
জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, মেয়রের সঙ্গে আলোচনা করে বঙ্গবন্ধু সড়ক বাদে অন্য চারটি সড়কের ফুটপাতে সাময়িকভাবে হকার বসতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হকার্স সংগ্রাম পরিষদকে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি তাঁরা মেনে নেন। তবে হকাররা এ সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা নেওয়া হবে।