বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মোহিতুল আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মোহিতুল ইসলাম
মো. মোহিতুল ইসলাম

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এ এফ এম মোহিতুল ইসলাম (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র কন্যা সানজিদা বিলকিসসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সাবেক এই আমলা।
মোহিতুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বিবৃতিতে মোহিতুল ইসলামের সাহসী ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সময় মোহিতুল ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতেই ছিলেন। ঘাতকদের হাত থেকে বাঁচানোর জন্য শিশু শেখ রাসেলকেও তিনি লুকিয়ে রেখেছিলেন। তাঁর হাত থেকে কেড়ে নিয়ে ঘাতকেরা নির্মমভাবে শেখ রাসেলকে হত্যা করে। তাঁর মৃত্যুতে আমরা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারের প্রতি নিবেদিতপ্রাণ একজনকে হারালাম।’
মোহিতুল ইসলাম বঙ্গবন্ধুর আবাসিক একান্ত সহকারী ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরই থানায় মামলা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু থানা মামলা নেয়নি। পরে ১৯৯৬ সালে ২ অক্টোবর ধানমন্ডি থানায় ২০ জনকে আসামি করে বঙ্গবন্ধু হত্যা মামলাটি করেন তিনি। বিচারপ্রক্রিয়া শেষে পাঁচ আসামির মৃত্যুদণ্ড ইতিমধ্যে কার্যকর হয়েছে। তবে দণ্ডিত বেশ কয়েকজন এখনো পলাতক। বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী হওয়ায় দেশব্যাপী পরিচিতি পান মোহিতুল ইসলাম। 

আজ বৃহস্পতিবার বিকেলেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রথম এবং মিরপুর-১৪ নম্বরে দ্বিতীয় দফা জানাজা শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরের কাশিমপুর গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ঝিকরগাছা হাইস্কুল মাঠে তৃতীয় এবং বাদ জোহর কাশিমপুর গ্রামে সর্বশেষ জানাজার পর তাঁর ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে মরহুমকে দাফন করার কথা রয়েছে।

কিছুদিন আগে মোহিতুল ইসলাম কিডনির সমস্যা নিয়ে বিএসএমএমইউর নেফ্রোলজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলমের অধীনে ভর্তি হন। তাঁকে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। ফের অবস্থার অবনতি হলে ২৬ জুলাই আবার আইসিইউতে নেওয়া হয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

মোহিতুল ইসলামের মৃত্যুতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শোক প্রকাশ করেছে।