বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মোহিতুল আর নেই

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এ এফ এম মোহিতুল ইসলাম (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। স্ত্রী, একমাত্র কন্যা সানজিদা বিলকিসসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সাবেক এই আমলা।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মোহিতুল ইসলামের সাহসী ভূমিকার কথা স্মরণ করে বলেন, ‘১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সময় তিনি ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতেই ছিলেন। ঘাতকদের হাত থেকে বাঁচানোর জন্য শিশু শেখ রাসেলকেও তিনি লুকিয়ে রেখেছিলেন। তাঁর হাত থেকে কেড়ে নিয়ে ঘাতকেরা নির্মমভাবে শেখ রাসেলকে হত্যা করে। তাঁর মৃত্যুতে আমরা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারের প্রতি নিবেদিতপ্রাণ একজনকে হারালাম।’
মোহিতুল ইসলাম বঙ্গবন্ধুর আবাসিক একান্ত সহকারী ছিলেন। ১৯৯৬ সালে ২ অক্টোবর ধানমন্ডি থানায় ২০ জনকে আসামি করে ঐতিহাসিক বঙ্গবন্ধু হত্যা মামলাটি করেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রথম এবং মিরপুর ১৪ নম্বরে দ্বিতীয় দফা জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরের কাশিমপুরে নিয়ে যাওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় ঝিকরগাছা হাইস্কুল মাঠে তৃতীয় এবং বাদ জোহর কাশিমপুর গ্রামে সর্বশেষ জানাজার পর তাঁর ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল রাতেই তাঁর মরদেহ নিয়ে যশোরে রওনা হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেনসহ তাঁর স্বজনেরা।