বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মোহিতুলের দাফন সম্পন্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী মুক্তিযোদ্ধা এ এফ এম মোহিতুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে যশোরের মনিরামপুরের কাশিমপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গতকাল সকাল ১০টায় যশোরের ঝিকরগাছা উপজেলার বি এম হাইস্কুল মাঠে মোহিতুল ইসলামের জানাজা হয়। সেখানে মরহুমের কফিনে ফুল দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। দেওয়া হয় গার্ড অব অনার। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ বি এম মোজাম্মেল হক, সাংসদ স্বপন ভট্টাচার্য, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাংসদ তালুকদার আবদুল খালেক, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাংসদ শেখ আফিলউদ্দিন, সাংসদ মনিরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন, যশোরের জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ। পরে মরহুমের কফিন মনিরামপুরের কাশিমপুর গ্রামের বাড়িতে নেওয়া হয়। কাশিমপুর গ্রামের সরদারবাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয়।