বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক কাজী গোলাম রসুলের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক ঢাকা জেলার সাবেক জেলা ও দায়রা জজ এবং সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য কাজী গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা ৩৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর কাকরাইলের সার্কিট হাউস রোডের টিপটপ জামে মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। গোলাম রসুল ১৯৪১ সালের ৩১ ডিসেম্বর নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।
গোলাম রসুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। প্রধানমন্ত্রী সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গোলাম রসুলের মরদেহ দেখতে যান। এ সময় প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে বিপথগামী সেনাদের হাতে নিহত হন৷ এই নৃশংস হত্যকাণ্ডের বিচারের পথ বন্ধ করতে তৎকালীন সরকার ইনডেমনিটি আইন করে। দীর্ঘদিন পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইনডেমনিটি আইন বাতিল করে বিচারের পথ সুগম করে। ওই বছরই বঙ্গবন্ধুর আবাসিক একান্ত সহকারী (পিএ) এ এফ এম মোহিতুল ইসলাম ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে ঢাকা জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল ১৯৯৮ সালে ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়ে এ মামলার রায় ঘোষণা করেন।