প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার দূতের সাক্ষাৎ
বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত নূর চৌধুরীকে ফেরত পাঠানোর আহ্বান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত খুনি মেজর (অব.) নূর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। বর্তমান সরকার এ ব্যাপারে কোনো আপস করবে না।কমনওয়েলথের সদস্যপদ নবায়নবিষয়ক কানাডার বিশেষ দূত সিনেটর হুগ সেগাল গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বিশেষ দূতকে বলেন, কানাডার উচিত সেই দেশে অবস্থানরত নূর চৌধুরীকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে পাঠানো।শেখ হাসিনা সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো দেশ নেই উল্লেখ করে এসব অপরাধ দমনে সমন্বিত বৈশ্বিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বিগত তিন বছরে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ কঠোর হাতে দমন করেছে। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনো দেশই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না। তাঁর সরকারের আমলে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জাতীয় সংসদের ১২টি আসনে উপনির্বাচন এবং সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।কানাডার বিশেষ দূত বলেন, বিষয়টি তিনি কানাডার যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন। বৈঠকে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পরবর্তী কমনওয়েলথ শীর্ষ সমেঞ্চলন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় যুদ্ধাপরাধীদের বিচার, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন প্রাধান্য পায়।এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও বাংলাদেশে কানাডার হাইকমিশনার হিথার ক্রুডেন উপস্থিত ছিলেন।