বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত পলাতক চার আসামির অবস্থান নিশ্চিত করা হয়েছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত বিদেশে পলাতক সাজাপ্রাপ্ত চার আসামির অবস্থান নিশ্চিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আসামিদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছে। অন্যান্য আসামির অবস্থান চিহ্নিত করতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।বিচারার্থে বা দণ্ডদানার্থে বিদেশে অবস্থানরত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গঠিত টাস্কফোর্সের সভা শেষে গতকাল রোববার তিনি সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। আইনমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব শহিদুল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি নূর চৌধুরীর বিষয়টি কানাডার আদালতে বিচারাধীন আছে এবং তা নিষ্পত্তির শেষ পর্যায়ে। আদালতের চূড়ান্ত নিষ্পত্তির পর তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি মুদ্রিত সংবিধান নিয়ে কাজ করছে। সাংঘর্ষিক কোনো বিষয় থাকলে কমিটি তা সংসদে নিয়ে যাবে। সংসদই সংবিধান সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বিজ্ঞপ্তি।