বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ব্যক্তিদের চিহ্নিত করতে কমিশন গঠনের দাবি
বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে কারা ছিল, তার সার্বিক চিত্র জনগণের সামনে আনতে একটি কমিশন গঠন করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। কিন্তু সেই সময়ের হঠকারী রাজনীতি, ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের চরিত্র উন্মোচন করা প্রয়োজন। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার সার্বিক চিত্র জনগণের সামনে আনতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস, ২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। আরেফিন সিদ্দিক বলেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সুশিক্ষা দিতে না পারলে জঙ্গি সমস্যা থেকে যাবে। তিনি বলেন, দেশপ্রেমের শিক্ষা প্রথম ও মূল্যবান শিক্ষা। এই মূল্যবান শিক্ষা আজকের তরুণসমাজ পাচ্ছে কি না, তা পরিবারকে লক্ষ রাখতে হবে। সন্তানদের সঠিক শিক্ষা দেওয়া হচ্ছে কি না, সেদিকে লক্ষ রাখতে হবে। পরিবারের প্রধান বা বড়রাই বুঝতে পারেন, তাঁদের শিশু-কিশোরেরা কী ধরনের চিন্তাভাবনা করছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন অর্থ প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক বাহানুল মজনু প্রমুখ বক্তব্য দেন।