বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর যখন অনেকে কথা বলতে পারছিলেন না, রাহাত খান তখন কলম ধরেছিলেন। তিনি একাধারে ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক। অনেক বড় মানুষ হয়েও তিনি নিভৃতে থাকতেন। তবে সাংবাদিকদের প্রয়োজনে সব সময় পাওয়া যেত তাঁকে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান স্মরণে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা তাঁকে নিয়ে এমনই স্মৃতিচারণ করেন। ঢাকার কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম এ সভার আয়োজন করে।
স্মরণসভায় অংশ নিয়ে রাহাত খানের সহধর্মিণী অর্পনা খানম তাঁর স্মৃতি ধরে রাখতে জন্মদিনে রাহাত খান পদক চালু ও স্মারক গ্রন্থ প্রকাশ করার অনুরোধ জানান। তিনি বলেন, আজ তাঁদের বিবাহবার্ষিকী। রাহাত খান সারা জীবন সাংবাদিকতা ভালোবেসে গেছেন। রাহাত খানকে নিয়ে তথ্যচিত্র ও স্মারক গ্রন্থ প্রকাশ করা হলে তাঁর সম্পর্কে মানুষ আজীবন জানতে পারবে।
অর্পনা খানম আরও বলেন, প্রতিবছর রাহাত খানের জন্মদিনে তাঁর স্মরণে যেন একটি স্মৃতিপদক চালু করা হয় ও তা যদি তাঁর গ্রামের বাড়িতে আয়োজন করে তুলে দেওয়া হয়, তবে রাহাতের প্রতি হয়তো যথাযথ সম্মান দেখানো হবে।
ঢাকার কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে স্মরণসভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাহাত খান দৈনিক ইত্তেফাকে ষাটের দশক থেকে কর্মরত ছিলেন। তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একুশে পদকে ভূষিত হন তিনি। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও।