বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আমরা রাজপথে নামিনি, এটা লজ্জা: দুদক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ফাইল ছবি)
দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ফাইল ছবি)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, জাতির পিতার খুনিরা ১৫ আগস্ট জাতির ললাটে যে কলঙ্কের তিলক এঁকে দিয়েছে, তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে বেড়াতে হবে। তিনি বলেন, ‘কেউ স্বীকার করুক বা না করুক, জাতির পিতাকে রক্ষা করতে না পারা এবং হত্যার পর প্রতিবাদে রাজপথে নেমে না আসতে পারার লজ্জা আমাদের চিরদিন বহন করতে হবে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে আজ শনিবার দুদকের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই আলোচনায় ইকবাল মাহমুদ এ কথা বলেন। তিনি বলেন, ‘এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদ করে আমি বা আমরা রাজপথে নেমে আসিনি, এটাই আমাদের লজ্জা। এই লজ্জা আমাদের চিরদিন বহন করতে হবে।’

১৯৯৪ সালে জাপানে এক প্রশিক্ষণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার ঘটনা উল্লেখ করে দুদকের চেয়ারম্যান বলেন, ‘প্রশিক্ষণের প্রথম দিনেই বাংলাদেশ থেকে এসেছি জেনে জাপানি এক নারী কর্মকর্তা সবার সামনে আমাকে প্রশ্ন করেন, “আপনারা কীভাবে আপনাদের জাতির পিতাকে হত্যা করলেন?” আমি সেদিন এর জবাব দিতে পারিনি। ১৭টি দেশের প্রতিনিধির সামনে সেদিন লজ্জিত হয়েছিলাম। সে লজ্জা আজও মোচন হয়নি।’

সভায় দুদকের চেয়ারম্যান দুনীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় শপথ নিয়ে নির্মোহভাবে আইনি দায়িত্ব পালন করার আহ্বান জানান। ইকবাল মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতায় বারবার ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে দৃপ্ত শপথ উচ্চারিত হয়েছে। আসুন, আমরা দৃঢ়ভাবে শপথ নিই, নিজেরা দুর্নীতিমুক্ত থেকে দুর্নীতি দমনে আমাদের আইনি দায়িত্ব নির্মোহভাবে পালন করি। তাহলেই জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা হবে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। ১৪ আগস্ট আরামবাগের এক আত্মীয়র বাসায় ছিলাম। পরদিন নতুন জামা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, মহানায়ক জাতির পিতাকে দ্বিতীয়বারের মতো দেখতে। হৃদয়ের গভীরে ছিল এক চরম উত্তেজনা। কিন্তু ঘাতকদের নিষ্ঠুরতায় জাতির পিতাকে দ্বিতীয়বার দেখার সৌভাগ্য আর আমার জীবনে ঘটেনি। তাই আমি বলব, কেউ স্বীকার করুক বা না করুক, জাতির পিতাকে রক্ষা করতে না পারা এবং হত্যার পর প্রতিবাদে রাজপথে নেমে না আসতে পারার লজ্জা আমাদের চিরদিন বহন করতে হবে।’

এর আগে দুদকের চেয়ারম্যান বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান।

সভায় দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান বলেন, জাতির জীবনে চরম দুর্ভাগ্য যে জাতির পিতার সঙ্গে তাঁর পরিবারের শিশু ও নারী সদস্যদেরও হত্যা করা হয়েছে। নৃশংস এই হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের অনেকের বিচার হয়েছে, কারও স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু ইতিহাসে তারা বিশ্বাসঘাতক হিসেবেই চিহ্নিত।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, দুদকের মহাপরিচালক আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ, দুদকের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. জহির রায়হান, মো. রেজানুর রহমান, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রমুখ।