বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধকারীরা জঙ্গি হত্যার অভিযোগ তুলছে
যারা আইন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার বন্ধ করেছিল, তারাই পুলিশের বিরুদ্ধে বিনা বিচারে জঙ্গি হত্যা ও সাধারণ মানুষকে জঙ্গি বানিয়ে হত্যার অভিযোগ করছেন।
আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে কমিউনিটি পুলিশিং আয়োজিত জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, জঙ্গি মোকাবিলা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এর মোকাবিলা করছি। প্রতিটি জঙ্গি হামলা ঘটনার সঙ্গে জড়িত ও এর পেছনের ব্যক্তিদের পুলিশ গ্রেপ্তার করেছে। খেলাফত প্রতিষ্ঠার নামে জঙ্গিরা মানুষ খুন করছে। তাঁরা মানুষকে বুঝিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তৎপরতা না চালিয়ে মানুষ মারছে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লি জঙ্গিবাদ বিশ্বাস করে না। তাই সব শ্রেণি ও পেশার মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডল প্রমুখ।
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন একেএম শহীদুল হক। এ সময় মাদকদ্রব্যের মধ্যে ৪০ হাজার ১৮৭ বোতল ফেনসিডিল, ১৫৬ কেজি গাঁজা, ২ হাজার ১৩৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম হেরোইন, ৯৯০ বোতল দেশি-বিদেশি মদ ও ৯৩৪ পিস ইনজেকশন ও বিয়ার ধ্বংস করা হয়।
এ সময় আইজিপি সাংবাদিকদের বলেন, এটা সীমান্ত এলাকা। সীমান্তের ওপারে অনেক ফেনসিডিলের কারখানা রয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্ত সংলগ্ন ফেনসিডিলের কারখানার ব্যাপারে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। কিছু কারখানা বন্ধ হলেও সবগুলো এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এ সব কারখানা বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা হবে।