বঙ্গবন্ধু হত্যার বিচার হওয়ায় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় ধন্যবাদ প্রস্তাব পাস করেছে জাতীয় সংসদ। এর ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় তত্কালীন সেনাবাহিনীর প্রধান ও উপপ্রধান কেন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেননি, তার তদন্ত করার দাবি জানান। একই সঙ্গে এ ধরনের হত্যা-ক্যুর রাজনীতি চিরতরে বন্ধ করতে একটি তথ্য উদ্ঘাটন কমিশন গঠনের প্রস্তাব দেন তাঁরা।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে রাত পৌনে নয়টায় প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ছিলেন না। গতকাল রোববার আসরের নামাজের বিরতির পর এ সংক্রান্ত ধন্যবাদ প্রস্তাব সংসদে উপস্থাপন করেন চিফ হুইপ আবদুস শহীদ। প্রায় তিন ঘণ্টার এ আলোচনায় ঐতিহাসিক মামলাটি সফলভাবে পরিচালনা করতে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানানো হয়।বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিম আবেগাপ্লুত কণ্ঠে ১৫ আগস্টের ঘটনার বিবরণ দেন। একই সঙ্গে তিনি ওই সময়ের সেনাবাহিনীর প্রধান শফিউল্লাহ এবং উপপ্রধান জিয়াউর রহমান কেন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেননি, তা তদন্তের দাবি জানান।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, পঁচাত্তরের পাঁচ খুনির ফাঁসি কার্যকর হলেও ওই খুনি চক্রের ষড়যন্ত্র এখনো চলছে। নইলে সংসদে এসে কীভাবে বলে, আবার তারা ১৫ আগস্ট ঘটাবে। সংসদে কে এ ধরনের কথা বলেছে, তা উদ্ঘাটন করার দাবি জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মানবাধিকারের কথা বলার চেষ্টা করা হচ্ছে। তাহলে কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কিংবা শিশু রাসেল হত্যা মানবাধিকার লঙ্ঘন নয়? তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর হওয়ার পর সারা দেশের মানুষ খুশি হলেও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া আর মতিউর রহমান নিজামী চুপ।আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর হওয়ায় দেশে আইনের শাসন কায়েম হয়েছে। কারণ বঙ্গবন্ধু হত্যার বিচার না হলে কোনো অপরাধের বিচারই করা যেত না।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাংলাদেশে হত্যা-ক্যুর রাজনীতি চিরতরে বন্ধ করতে তথ্য উদ্ঘাটন কমিশন গঠন করতে হবে। আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করে জাতি দায়মুক্ত হয়েছে। ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন সুরঞ্জিত সেনগুপ্তের প্রস্তাব সমর্থন করে বলেন, জাতির বৃহত্তর স্বার্থেই এ ধরনের ঘটনার তদন্ত করতে হবে। জাসদের হাসানুল হক ইনু বলেন, খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সবাই সন্তোষ প্রকাশ করলেও বিএনপি-জামায়াতসহ কিছু দল নীরব ভূমিকা পালন করে খুনিদের পক্ষে অবস্থান স্পষ্ট করেছে।প্রস্তাবটির ওপর আলোচনায় আরও অংশ নেন পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সুবিদ আলী ভূঁইয়া, অপু উকিল, নুরুল ইসলাম সুজন, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু।