বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের বিচার হওয়ায় এ জাতি কলঙ্কমুক্ত হলেও দায়মুক্ত হয়নি। তিনি বলেন, বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই বাংলাদেশ অর্জিত হয়েছে। এই সত্যকে কেউ কোনো দিন মুছে ফেলতে পারবে না। গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আনিসুজ্জামান এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ শহীদ মিলন হলে এ সভার আয়োজন করে। মুখ্য আলোচকের বক্তব্যে আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধু ছিলেন অসাধারণ কোমল মনের মানুষ। তাঁর শাসনামল নিয়ে কিছুটা সমালোচনা করা গেলেও তিনি কখনোই ব্যক্তি স্বার্থ দিয়ে পরিচালিত হননি। তিনি সব সময়ই বাঙালি জাতির কল্যাণ ও মঙ্গল চিন্তায় চালিত হয়েছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু তাঁর শাসনামলে ৫০ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করেছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। এ ধরনের নানা উন্নয়নের যে বীজ বঙ্গবন্ধু বুনেছিলেন তার সুফল আজ দেশের মানুষ ভোগ করছে। বিশেষ অতিথি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক মাহামুদ হাসান বলেন, ব্রিটিশ ও পাকিস্তান আমলে এ দেশের মানুষের মাথাপিছু আয় একেবারেই বাড়েনি। দেশ স্বাধীন হয়েছে বলেই স্বাধীনতা-পরবর্তী সময়ে মাথাপিছু আয় ১০ গুণ বেড়েছে। তিনি ইউএনডিপির তথ্য উদ্ধৃত করে বলেন, স্বাধীনতার স্বপক্ষ শক্তি যখনই ক্ষমতায় এসেছে, তখনই বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। স্বাধীনতাবিরোধী চক্র যেন চলমান যুদ্ধাপরাধের বিচার ব্যাহত করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহামুদ হাসান। সভাপতির বক্তব্যে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, বঙ্গবন্ধু কখনোই কূটচালের রাজনীতিতে বিশ্বাস করতেন না। সভায় উপস্থিত সবাইকে সম্প্রতি প্রকাশিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাঁকে জানুন এবং বিকৃত ও বিভ্রান্তিমূলক ইতিহাস থেকে নিজেকে ও বর্তমান প্রজন্মকে রক্ষা করুন।’ অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মেয়াজ্জেম হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তি আজও বঙ্গবন্ধুর পরিবারকে নির্মূল করার জন্য দেশে-বিদেশে তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলান ও বিএমএর মহাসচিব অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।