বঙ্গবন্ধু হত্যার সবুজসংকেত দিয়েছিলেন জিয়া: নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার সবুজসংকেত দিয়েছিলেন। বিচার না করে এই হত্যার পুরস্কার হিসেবে খুনিদের পুনর্বাসন করেছিলেন।
আজ সোমবার ঢাকার শ্যামপুর ইকো পার্কসংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে বিলাসবহুল জাহাজ এমভি সোনারগাঁও ওয়াটার ক্লাব ভাসমান রেস্তোরাঁর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় নৌমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
শাজাহান খান বলেন, অতীত ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বিএনপি-জামায়াত জোট এখনো দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতান্ত্রিক সরকারকে উত্খাতের চেষ্টা করছে। নদীপথের উন্নয়নে স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দুটি ড্রেজার কিনেছিলেন উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, মহাজোট সরকারের আগে কোনো সরকারই এ সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগায়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ প্রতিষ্ঠানকে লাভজনক খাতে পরিণত করা সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে এ খাতের প্রসার ঘটাতে নিজেদের অর্থায়নে ২২টি ড্রেজার কেনা হয়েছে। সীমাহীন লোকসান-কবলিত মংলা বন্দরকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। ফলে এ পোর্টে দৈনিক সাত লাখ টাকা অতিরিক্ত আয় করা সম্ভব হচ্ছে।
সোনারগাঁও ট্যুরিজমের প্রধান নির্বাহী সঞ্জয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা, সাংসদ সানজিদা খানম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।