বঙ্গবন্ধু হত্যায় জিয়ার মদদ ছিল: বিচারপতি শামছুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের ‘প্রত্যক্ষ মদদ’ ছিল বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামছুদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষীদের সাক্ষ্য, আসামিদের জবানবন্দি ও ৭৫ পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনা প্রবাহ পর্যালোচনা করলে এমনটিই দেখা যায়। 

আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস অডিটোরিয়ামে’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ এইচ এম শামছুদ্দিন চৌধুরী এ মন্তব্য করেন।
বিচারপতি শামছুদ্দিন বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের সম্পৃক্ততার ইঙ্গিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের লেখা একটি বইতেও আছে।
প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি এ এইচ এম শামছুদ্দিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার ঘটনায় কয়েকজন কর্নেল ও মেজরের সাজা হয়েছে। এ ঘটনায় শুধু তাঁরাই জড়িত ছিলেন না। আরও বড় বড় রুই, কাতলাও জড়িত ছিলেন। তাঁদের একজন খন্দকার মোশতাক, অপরজন জেনারেল জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষীদের সাক্ষ্য, গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দি ও ৭৫ পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনা প্রবাহ পর্যালোচনা করলে দেখা যায় বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদ ছিল।’
এ এইচ এম শামছুদ্দিন চৌধুরী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যে কয়জন সেক্টর কমান্ডার ছিলেন, তাঁরা কোথাও না কোথাও যুদ্ধ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। কিন্তু জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন সে সম্পর্কে কোনো তথ্য নেই। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না। পাকিস্তানের ভাবাদর্শের একজন ব্যক্তি ছিলেন।’ তিনি বলেন, ‘যে জিয়াউর রহমান ক্ষমতায় এসে স্বাধীনতা যুদ্ধের “জয় বাংলা” স্লোগানকে টুটি চেপে ধরেন, তিনি আর যাই হোন মুক্তিযোদ্ধা হতে পারেন না। তিনি শীর্ষ রাজাকার শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুর খুনি ও রাজাকারদের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। তিনি বাংলাদেশকে পাকিস্তান বানাতে গিয়ে আইএসআইয়ের শক্ত ঘাঁটি তৈরি করেছেন এবং সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছিলেন।’
বিচারপতি এ এইচ এম শামছুদ্দিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা হয়তো স্বাধীনতা পেতাম না। তিনি ছিলেন সাধারণ মানুষের কাতারের মানুষ। আপাদমস্তক একজন বাঙালি, অসাম্প্রদায়িক ব্যক্তি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের উপাচার্য মুহাম্মদ সামাদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য আবুল হোসেন, রেজিস্ট্রার মো. মমিনুল হক, জাতীয় কবিতা পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আসলাম সানি, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছার পর বিচারপতি এ এইচ এম শামছুদ্দিন চৌধুরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপাচার্য এম অহিদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।