সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামকরণ পুনর্বহাল করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। গতকাল বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে সিন্ডিকেট সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ বিষয় জানাতে বুধবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উপাচার্য রাষ্ট্রপতিকে শিক্ষা কার্যক্রম, উন্নয়ন প্রকল্পসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জানান। এ সময় রাষ্ট্রপতি শিক্ষার্থীরা যাতে পাঠ্যক্রমের বাইরে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন, সে ব্যাপারে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। এ ছাড়া তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে নজরদারি (মনিটরিং) জোরদার করার এবং সব বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন। এর মধ্যে আচার্যের কাছে বিভিন্ন হল ও ভবনের নামকরণে আগে গৃহীত সিদ্ধান্ত স্থগিতকরণ বিষয়ে অবহিত করা হলে তিনি ‘দ্বিতীয় ছাত্র হল’-এর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল নামকরণের পুনর্বহাল বিষয়ে সম্মতি দেন।
১৯৯৯ সালের ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ভবনসহ ১০টি স্থাপনা বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় ৮৭তম সিন্ডিকেট। কিন্তু সিলেটে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর আন্দোলনের মুখে তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৌখিক আদেশে নামকরণ স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট।