ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাঁর কার্যালয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। অন্যদিকে হলের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত ও প্রাধ্যক্ষের সঙ্গে উগ্র আচরণ করায় হল শাখার ছাত্রলীগের সভাপতিসহ সাতজন নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ।হল সূত্র জানায়, গত সোমবার রাতে মাসুম বিল্লাহ নামে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অ্যাম্বুলেন্স আনতে প্রাধ্যক্ষের সুপারিশের জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ নিয়ে হলের প্রাধ্যক্ষের সঙ্গে হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহীন আহমেদের বাদানুবাদ হয়। শাহীন রাতে হলের এক তত্ত্বাবধায়কের সঙ্গেও দুর্ব্যবহার করেন।এ ঘটনার জের ধরে গতকাল বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাঁরা মিছিল-সমাবেশ করেন। দুপুর একটার দিকে প্রাধ্যক্ষের নামফলক ভাঙচুর করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগের কর্মীদের অভিযোগ, হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী ঠিকভাবে দায়িত্ব পালন করেন না। বায়তুল্লাহ কাদেরী ছাত্রলীগের কর্মীদের ওই অভিযোগ অস্বীকার করেছেন।