
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি রাজনীতিবিদদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম বুঝতে পেরেছিলেন, কৃত্রিম রাষ্ট্র পাকিস্তানের জন্ম টিকে থাকার জন্য হয়নি। পাকিস্তান ছিল ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত দুটি জাতির একটি কৃত্রিম রাষ্ট্র।
ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত সেমিনারে বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতার সনদ ঘোষণা করেছিলেন। তাঁর সুচিন্তিত নেতৃত্ব এবং আন্দোলন জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের পতাকা, জাতীয় সংগীত এবং এই ভুবনের নাম যে বাংলাদেশ হবে, তার প্রতিটি সিদ্ধান্ত তাঁর (বঙ্গবন্ধু) নিজের নেওয়া। জাতীয় সংগীত এই গানটি করবেন, এই সিদ্ধান্ত তাঁর বহু আগেই নেওয়া ছিল।’ তিনি বলেন, প্রতিটি পদক্ষেপ বঙ্গবন্ধু নিয়েছেন ধাপে ধাপে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭০-এর নির্বাচনে ফলাফল কী হবে সেটা বঙ্গবন্ধু আগে থেকেই জানতেন। এটা তিনি লন্ডনে বসেই বলেছিলেন, কিন্তু সংগত কারণে প্রকাশ্যে বলেননি। কারণ, তিনি কখনোই বিচ্ছিন্নতাবাদী হতে চাননি।
শেখ হাসিনা বলেন, ‘৭ মার্চের ভাষণের আগে চারদিক থেকে নানা উপদেশ ও পয়েন্ট আসতে লাগল। সেদিন বক্তব্য দিতে যাওয়ার আগে আমার মা বাবাকে বলেছিলেন, তুমি এ দেশের মানুষকে চেনো। সারা জীবন তুমি মানুষের জন্য ত্যাগ স্বীকার করে গেছ। কারও কথা শোনার দরকার নেই। তোমার মনে যা চাইবে তাই বলবে। তোমার সামনে লাখো জনতা থাকবে। পেছনে থাকবে পাকিস্তানিদের ষড়যন্ত্র।’
সেমিনারে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান ‘বঙ্গবন্ধুর ভাষণ: রাষ্ট্র ও সমাজকাঠামো পরিবর্তনের দিকদর্শন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।