বঙ্গবন্ধুকে কটাক্ষ করায় তারেকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি নালিশি মামলা করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক।
গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম মো. আসাদুজ্জামান নূরের আদালতে এ মামলাটি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের আদেশ দেন।
আদেশে ডিবির সহকারী কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা দিয়ে অভিযোগের বিষয় তদন্ত করে ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
মামলার আরজিতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনে এক আলোচনা সভায় বলেছেন, ‘শেখ মুজিব বঙ্গবন্ধু নন, পাকবন্ধু, তিনি জাতির জনক হতে পারেন না, তিনি হত্যাকারী। আওয়ামী লীগ কখনোই জনগণের মনের ভাষা বুঝতে পারেনি। ১৯৭১ সালের ৭ মার্চ কিংবা ২৫ মার্চ বাংলাদেশের লাখো জনতাকে নিরাপদ মনে করেননি শেখ মুজিব, তিনি নিরাপদ মনে করেছেন হানাদারে বাহিনীকে।’ তারেক রহমান ওই সভায় আরও বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিব পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করেন। এ ধরনের মিথ্যা ও ইতিহাস বিকৃতকারী বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।