বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগ
পিরোজপুরের কাউখালী উপজেলায় এক মাদ্রাসার করণিকের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের কটূক্তি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলার সপ্তগ্রাম সম্মিলনী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক খায়রুল আলম এ অভিযোগ করেন। খায়রুল আলম লিখিত বক্তব্যে বলেন, মাদ্রাসার শিক্ষক রিয়াজ উদ্দিন গত ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচিতে যোগ দিতে মাদ্রাসার করণিক (অফিস সহকারী) কাজী হারুন অর রশীদকে মুঠোফোনে মাদ্রাসায় আসতে বলেন। এ সময় ফোনে হারুন অর রশীদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের গালমন্দ ও কটূক্তি করেন। পরে ৩ সেপ্টেম্বর রিয়াজ উদ্দিন মুঠোফোনের অডিও রেকর্ডসহ স্থানীয় থানায় হারুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো মামলা নেয়নি। এদিকে সংবাদ সম্মেলনে খায়রুল আলমের পাঠ করা লিখিত বক্তব্যে রিয়াজ উদ্দিনের স্বাক্ষর থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। এ ব্যাপারে জানতে হারুন অর রশীদের মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। কাউখালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।