বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও অবদান সম্পর্কে যতটা জানে, ঠিক ততটা জানে না ইংরেজি মাধ্যম ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এর কারণ খুঁজতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন বাংলা মাধ্যমে স্কুলের পাঠ্যক্রমে বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু ইংরেজি মাধ্যম ও মাদ্রাসায় তা করা হয়নি। গতকাল শনিবার বিবিসি বাংলা এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রচার করে।
আওয়ামী লীগের অভিযোগ, স্কুল পাঠ্যবইয়ের ইতিহাসের পাতা থেকে রাষ্ট্রের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান দীর্ঘ সময় নির্বাসিত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকাকে নতুন প্রজন্মের কাছে ১৯৭৫ সালের পর আড়াল করার চেষ্টা করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঢাকার কলাবাগানের একটি কোচিং সেন্টারে পড়তে আসা কয়েকজন কিশোর-কিশোরীর সঙ্গে কথা বলে বোঝা গেল, বাংলা মাধ্যম স্কুলের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি থেকেই বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী পড়ে। তাঁর জন্ম থেকে শুরু করে রাজনীতিতে সক্রিয় হওয়া, ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা দেওয়া এবং তারপর গ্রেপ্তার হয়ে পাকিস্তানের কারাগারে যাওয়ার মতো তথ্য মোটামুটি জানে শিক্ষার্থীরা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের পাঠ্যক্রমে বঙ্গবন্ধুর জীবনী অন্তর্ভুক্ত করা হয়নি। ঢাকার ইংরেজি মাধ্যম স্কুল এক্সেল একাডেমির ছাত্র ইফাস বলছে, স্কুলের রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তাকে এ বিষয়ে জানতে হয়েছে। ‘আমাদের স্কুলের টিচাররা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু বলে। আমাদের বই নেই। কিন্তু স্কুলে আমাদের প্রবন্ধ লিখতে দিয়েছিল। আমরা দু-তিনবার বঙ্গবন্ধুকে নিয়ে রচনা লিখেছি।’ বলে ইফাস।
ইফাসেরই কয়েক সহপাঠী জানায়, তারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতিকে জাতির জনক বলা হয়, সেটি জানে। কিন্তু জানে না, কেন তাকে ওই উপাধি দেওয়া হলো।
একইভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোনো পাঠ্যসূচিতেও অন্তর্ভুক্ত নেই এ বিষয়টি। ফলে এ মাধ্যমের ছাত্রছাত্রীরাও এ বিষয়ে জানে পরিবার ও গণমাধ্যম থেকে পাওয়া কিছু তথ্যই। ঢাকার এলিফ্যান্ট রোডের নুরানী গার্ডেন মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী বলছিল, ‘ওনার (বঙ্গবন্ধু) অনেক অবদান আছে। ওনার কথা আমরা বইয়ে অনেক পড়েছি। উনি অনেক ভালো মানুষ ছিলেন।’
এই শিক্ষার্থীদের বেশির ভাগ জানায়, প্রাথমিকভাবে পরিবারের কাছে এবং পরে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনের মাধ্যমেই তারা মূলত শেখ মুজিবুর রহমান সম্পর্কে জেনেছে। আর যারা জানে না, তাদের অনেকেই বলেছে, পরিবারের কাছেও এ বিষয়ে তারা কিছু শোনেনি।