বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখেছেন যাঁরা, তাঁরা শোনালেন অজানা নানা কথা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাছে থেকে দেখেছেন তাঁরা সবাই। কেউ ছিলেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য। বঙ্গবন্ধুর নির্দেশে গঠিত পরিকল্পনা কমিশনের সদস্যরাও ছিলেন। যে পরিকল্পনায় রচিত হয়েছিল দেশের অর্থনীতির ভিত। বঙ্গবন্ধুর প্রশাসনের কর্মকর্তারাও ছিলেন। আবার ভিন্ন রাজনৈতিক দলের হয়েও বঙ্গবন্ধুর স্নেহধন্য হয়েছিলেন, তাঁরাও ছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এ পর্বে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর এই সময়ে তাঁরা শোনালেন জাতির জনকের সঙ্গে তাঁদের সম্পর্কের নানা অজানা কথা। নতুন প্রজন্মের কাছে হয়তো তা হয়ে থাকবে এক অনন্য কথ্য দলিল হিসেবে। এ আলোচনার আয়োজন হলো আজ বুধবার। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ‘বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখা’ শীর্ষক এই ভার্চ্যুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছিল। যে মাসে এই আলোচনা হলো, সেই আগস্টের ১৫ তারিখে ১৯৭৫–এ সপরিবার নিহত হয়েছিলেন ক্ষণজন্মা এই মহান পুরুষ। তাঁর সাহচর্য পাওয়া ব্যক্তিরা শোনালেন শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু এবং এরপর জাতির জনক হয়ে ওঠার আখ্যান।
বঙ্গবন্ধু বলেছিলেন, আমি ঝুঁকি নিচ্ছি কিন্তু আমার উপায় নেই: নুরুল ইসলাম
৯ মাসের রক্তঝরা যুদ্ধের পর বিধ্বস্ত বাংলাদেশ। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে এসেছেন। এসেই খোঁজ করেছিলেন পরে তাঁরই নির্দেশে গঠিত পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অর্থনীতিবিদ নুরুল ইসলামকে। তিনি আজ যুক্তরাষ্ট্র থেকে ধারণ করা ভিডিও বক্তব্যে সেই কথা জানালেন। বললেন, ১৯৭১ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেই শুরু হয় দেশ গঠনে বঙ্গবন্ধুর তৎপরতা। এই কমিশন গঠনের ইতিবৃত্ত, ১৯৭৪–এর দুর্ভিক্ষ, বৈদেশিক নীতি, বাকশাল গঠন—এসব নানা বিষয় নিয়ে কথা বললেন প্রতিথযশা অর্থনীতিবিদ নুরুল ইসলাম। বঙ্গবন্ধুর অপার দেশপ্রেম, অসম সাহস ও রাজনৈতিক প্রজ্ঞার নানা বর্ণনা উঠে এল তাঁর কথায়। বললেন, বঙ্গবন্ধু আমাকে অসম্ভব বিশ্বাস করতেন। আমার ব্যক্তিত্ব ও সক্ষমতার ওপরে তাঁর আস্থা ছিল।
অর্থনীতিবিদ নুরুল ইসলাম বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় বঙ্গবন্ধুকে বলেছিলাম, খাদ্যশস্যের অভাব আছে। যা আছে, আমাদের সমানভাগে ভাগ করে খেতে হবে। মজুতদারদের বলেন মজুত বন্ধ করতে।
বঙ্গবন্ধু সেই সময় বলেছেন, দেশে খাদ্যের অভাব দেখা দিলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ইতিহাস সেই সরকারকেই দায়ী করে। খাদ্যের অভাব দেখা দিলে বিপ্লব শুরু হয়ে যেতে পারে।
বাকশাল গঠন নিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর আলাপচারিতা নিয়ে নুরুল ইসলাম বলেন, আমরা বঙ্গবন্ধুকে বলেছিলাম, আপনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আপনি কেন বাকশাল করলেন। জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন, আমি ঝুঁকি নিচ্ছি। কিন্তু আমার উপায় নেই। আমি জানি, আমি সফল হব।
বঙ্গবন্ধু যে কথা বলতেন, তা রাখতেন: রেহমান সোবহান
দেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। তাঁর কাছে বঙ্গবন্ধু এক অনন্য চরিত্র। বাংলাদেশের অর্থনীতির প্রারম্ভিক এই রূপকার বললেন, অনেক নামজাদা পরিকল্পনাবিদের চেয়ে পরিকল্পনায় দক্ষ ছিলেন বঙ্গবন্ধু।
মানুষকে কথা দিয়ে কথা রাখা বঙ্গবন্ধুর চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল—এ কথাও স্মরণ করেন রেহমান সোবহান। বলেন, বঙ্গবন্ধু যে কথা মানুষকে বলতেন, তা রাখতেন। অনেক রাজনীতিক আছেন, যাঁরা রাজনীতির মাঠে নানা বাগাড়ম্বর (রেটোরিক) করেন। কিন্তু ঘরে গিয়ে সেসব কথা ভুলে যান। কিন্তু বঙ্গবন্ধু এমন একটি কথাও বলতেন না, যা তিনি বাস্তবায়ন করতে পারবেন না।
অধ্যাপক রেহমান সোবহান বলেন, বঙ্গবন্ধু কমিউনিস্ট ছিলেন না। কিন্তু সমাজতন্ত্রের প্রতি তাঁর আস্থা ছিল। তিনি বিশ্বাস করতেন সামাজিক ন্যায়বিচারে। তিনি সমতাভিত্তিক সমাজের স্বপ্ন দেখতেন। যেখানে থাকবে না বৈষম্য। সেই ছয় দফা দাবি, জীবনাচরণের প্রতিটি পর্যায়ে বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধুর লড়াই ছিল। তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’তে দেখা গেছে বৈষম্যের বিরুদ্ধে, মানুষের মঙ্গলের জন্য কী আকুতি ছিল তাঁর। তিনি মানুষের বিপুল ভালোবাসা পেয়েছিলেন। তাঁর প্রতি মানুষের এই ভালোবাসার কারণ বঙ্গবন্ধু নিজের জীবন থেকে মানুষের কাছে থাকার শিক্ষা ও পাঠ নিয়েছিলেন। আর আমৃত্যু মানুষের পক্ষে থেকেছেন। শোষণমুক্ত সমাজ—সেটাই ছিল বঙ্গবন্ধুর বড় স্বপ্ন।
এখন টাকার কাছে জনগণ ক্ষমতা হারিয়েছে: ড. কামাল
সারা জীবন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধুর এই লড়াইয়ের কথা স্মরণ করেন তাঁর মন্ত্রিসভার সদস্য এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধানের অন্যতম রচয়িতা ড. কামাল হোসেন। তিনি বললেন, আজ মুক্তিযুদ্ধের ৫০ বছর পরও বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সঠিক বাস্তবায়ন আমরা করতে পারিনি। বৈষম্য বরং দিন দিন বাড়ছে।
দেশের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা ও অর্থনীতির নানা দিক নিয়ে কথা বলেন কামাল হোসেন। বলেন, এখন টাকার কাছে দেশের জনগণ ক্ষমতা হারিয়েছে। পুঁজি পাচার হচ্ছে। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূল বিষয় ছিল মানুষের মুক্তি, বৈষম্য দূর করা। আমাদের সংবিধানেও সে কথাই বিধৃত আছে। এখন আমাদের জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক যে মতপার্থক্য থাকুক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। দেশে কার্যকর ও অর্থপূর্ণ গণতন্ত্রের জন্য আমাদের এক হতে হবে। বহুদলীয় গণতন্ত্রের জন্য এটা দরকার।
ড. কামাল হোসেনের কথা, বঙ্গবন্ধু শুধু দেশে নন, সারা বিশ্বে তিনি সম্মানিত। তিনি এক অসম্ভবকে সম্ভব করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন। বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ঘটনা বাংলাদেশের অভ্যুদয়। সেই বিজয় অর্জিত হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বেই।
বঙ্গবন্ধু এ দেশের মানুষকে ঠিকানা দিয়েছিলেন: ফরাসউদ্দিন
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সচিব। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সঙ্গেও ছিল তাঁর সম্পর্ক। ১৯৭৫ সালের সেই কালরাত্রির আগেও দেখেছেন বঙ্গবন্ধুকে। বললেন, বঙ্গবন্ধু আমাদের এ দেশের মানুষকে একটি ঠিকানা দিয়েছিলেন, রাষ্ট্র দিয়েছিলেন। দুষ্কৃতকারীদের কাছে বঙ্গবন্ধু ক্ষয় হবেন কিন্তু বাংলাদেশের আপামর মানুষের কাছে জাতির পিতার স্মৃতি অমর, অক্ষয়।
ফরাসউদ্দিন বলেন, মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল প্রবাদতুল্য। তিনি প্রকৃত অর্থেই ছিলেন জাতির পিতা। রাজনীতিতে যাঁরা তাঁর প্রতিপক্ষ ছিলেন, তাঁদের বিপদে সহায়তা করতে কখনো দ্বিধা করতেন না। কাছের মানুষদের চেয়ে রাজনৈতিক বৈরী যারা, তাদের প্রতি বঙ্গবন্ধু বেশি দৃষ্টি দিতেন।
বঙ্গবন্ধু বললেন, বাংলাদেশের কেউ আমার গায়ে হাত দেবে না: এম সায়েদুজ্জামান
১৯৭৩–’৭৫ সময়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সচিব, এক্সটার্নাল রিসোর্স বিভাগের প্রদান হিসেবে দায়িত্ব পালন করেছেন এম সায়েদুজ্জামান। বঙ্গবন্ধুর দূরদর্শিতা, দেশপ্রেম, সহমর্মিতার নানা দিক তুলে ধরেন এম সায়েদুজ্জামান।
স্মৃতিচারণা করে এম সায়েদুজ্জামান বলেন, ‘একদিন দুটি ফাইল নিয়ে রুহুল কুদ্দুস আমাকে বললেন, তুমি আমার সঙ্গে চলো, বঙ্গবন্ধুর কাছে যাব। তখন নতুন গণভবনে গেলাম। প্রবেশের সময় পুলিশ গেটে আটকালো। আইডি দেখাতে হলো। কার্ড দেখাতে হলো, সিকিউরিটি চেক করল। বঙ্গবন্ধুর কাছে গেলাম। এরপর কাজ হয়ে গেল। এরপর রুহুল কুদ্দুস বললেন বঙ্গবন্ধুকে, একটা কথা আপনাকে বলতে চাই। তখন বঙ্গবন্ধু বললেন, বলেন বলেন। আপনি এখানে সকালবেলা কাজ করতে আসেন, সারা দিন এখানে কাজ করেন, দুপুরে এখানে খান, এখানেই বিশ্রাম নেন। আপনার চারদিকে আর্মড গার্ডস, দুই থেকে তিন স্তর আপনাকে পাহারা দিচ্ছে। রাতের বেলায় আপনি যখন বাড়িতে যান, তখন তো একটা পাখির বাসায় থাকেন। বিষয়টি চিন্তা করে দেখেন। বঙ্গবন্ধু রুহুল কুদ্দুসের পিঠে হাত দিয়ে বললেন, সেটা চিন্তা করবেন না। বাংলাদেশের কেউ আমার গায়ে হাত দেবে না। এই বলে তিনি চলে গেলেন।
বঙ্গবন্ধু অনেক মানুষকে নীরবে উপকার করে গেছেন, কখনো জানতেও দেননি: তোফায়েল আহমেদ
বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে এলেন। ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হলেন। ১৪ জানুয়ারি প্রতিমন্ত্রীর মর্যাদায় তাঁর রাজনৈতিক সচিব হন তোফায়েল আহমেদ। জ্যেষ্ঠ এই আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধুর সাহচর্যে এসেছিলেন দীর্ঘ সময় ধরে। সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বললেন বঙ্গবন্ধুর দরদি চরিত্রের কথা। জানান, বিভিন্ন মানুষকে সহযোগিতার জন্য একটি তহবিল তিনিই দেখভাল করতেন। সেখান থেকে রাজনৈতিক বিরুদ্ধবাদী এমনকি তাঁদের পরিবারেরও সহযোগিতা মিলত। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরত্ব ছিল। কিন্তু তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং নানাভাবে তাঁকে সহায়তা করতেন। আর যেকোনো মানুষকে অর্থ দিয়ে তাঁদের নাম লিখে রাখতেন তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু এই তালিকা দেখে একবার তাঁকে বলেন, এভাবে পুরো নাম লিখে রেখেছ কেন। নামের আদ্যক্ষর লিখে রাখবে।
তোফায়েল আহমেদ বলেন, ‘যে হাতে সহায়তা দেবেন, অন্য হাত যেন না জানতে পারে, এমন মনোবৃত্তির মানুষ ছিলেন বঙ্গবন্ধু। অনেক মানুষকে নীরবে উপকার করে গেছেন কিন্তু তা কাউকে জানতেও দেননি।’
বঙ্গবন্ধু বললেন, একটু জয় বাংলা স্লোগানটাও দাও: মুজাহিদুল ইসলাম সেলিম
বঙ্গবন্ধুর রাজনৈতিক দল আওয়ামী লীগ বা এর ছাত্রসংগঠন ছাত্রলীগ কখনই করেননি মুজাহিদুল ইসলাম সেলিম। এখনো তিনি রয়ে গেছেন বাম আদর্শের ঝান্ডা নিয়ে। এখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বঙ্গবন্ধুর সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। জানালেন, তিনি অনেকবার বঙ্গভবনে গেছেন। স্মৃতিতে ভর করে সেলিম বলেন, ‘তাক লাগিয়ে দেওয়ার মতো একটা সম্মেলন ছিল ১৯৭২ সালে। ছাত্র ইউনিয়নের সেই সম্মেলনে আমরা জাতীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছিলাম। বঙ্গবন্ধুও এসেছিলেন। সেই সম্মেলনে আমি প্রেসিডেন্ট নির্বাচিত হই। সেখানে পতাকা উত্তোলনের পর আমি স্লোগান দিলাম, জনগণের মৌলিক অধিকার রক্ষার পক্ষে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সব কটি স্লোগান দেওয়ার পর যখন থেমে যাচ্ছি, তখন বঙ্গবন্ধু আমাকে কানেকানে বললেন, সেলিম, একটু জয় বাংলা স্লোগানটাও দাও। মনে রাইখো, সাম্প্রদায়িকতা কিন্তু বড় বিপদ। এখান থেকে বের হয়ে আসতে হবে। তাঁর পরামর্শমতো, সব স্লোগানের পরে জয় বাংলা স্লোগানটিও দিয়েছিলাম।’
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে ভালো করে। সেই জানাটায় আমাদের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাঁর চেয়েও গুরুত্বপূর্ণ কথা হলো ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুকে জানলে হবে না, তাঁর নীতি-আদর্শকে জানতে হবে এবং উপলব্ধি করতে হবে। সেই উপলব্ধির ভিত্তিতে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে হবে।’
বঙ্গবন্ধুর মানবিক গুণাবলির সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখতে পাই: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
জীবনে একবার বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার ও কথা বলার সুযোগ হয়েছিল পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের। সেদিনের স্মৃতিচারণা করে এম এ মান্নান বলেন, ‘পাকিস্তানের শেষের দিকে আমি একটা পরীক্ষায় পাস করেছিলাম। নতুন বাংলাদেশ সরকারের অনেকে আমাদেরকে চাকরি না দেওয়ার পক্ষে মত ছিল। পাস করা সেই চাকরিপ্রার্থীদের পক্ষে আমাকে পাঠানো হয়েছিল বঙ্গবন্ধুর কাছে বিষয়টি তুলে ধরার জন্য। খুব সম্ভব ১৯৭২ সালের জানুয়ারির কোনো একদিন রাত ১২টার পর দেখা করার সুযোগ এল। সিঁড়ি বেয়ে উঠে কক্ষে প্রবেশ করতেই বঙ্গবন্ধু মাথা ঘুরিয়ে বললেন, তুমি কে? তখন দুই কদম কাছে গিয়ে বললাম, আমরা একটা পরীক্ষা দিয়েছিলাম। এখন আমাদেরকে চাকরিতে নেওয়া হবে না বলে চিন্তা চলছে। তিনি বললেন, কী পরীক্ষা? আমি বললাম, সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস। তিনি বললেন, ভালো পরীক্ষা। তোমাদেরকে আমার দরকার। সেখানে তোফায়েল আহমেদসহ আরও একজন উপস্থিত ছিলেন। সরল ভঙ্গিতে বঙ্গবন্ধু তোফায়েল আহমেদকে বললেন, এদের বিষয়টা দেখো। এটা ছিল আমার বঙ্গবন্ধুকে সরাসরি দেখা ও কথা বলা।’
বঙ্গবন্ধুর জ্ঞানের গরিমা ছিল না, বোধের শক্তি ছিল: বিনায়ক সেন
আজকের অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন। তিনি বঙ্গবন্ধুর সমাজতন্ত্র নিয়ে ভবিষ্যতে আলোচনার ইচ্ছে পোষণ করেন।
বিনায়ক সেন বলেন, ‘বঙ্গবন্ধুর সমাজতন্ত্রের পাঁচটি দিক আছে। একটি হচ্ছে জমিদার, সমান্তবাদবিরোধিতা। দ্বিতীয়ত, সাধারণ পুঁজিবাদবিরোধী তিনি ছিলেন না, কিন্তু একচেটিয়া পুঁজিবাদের বিরোধী ছিলেন। পাকিস্তানের মতো ২৩ পরিবার বাংলাদেশে জন্মাক, সেটা তিনি চাননি। তৃতীয় দিক হচ্ছে, আমাদের সংবিধানে যেটা আছে যে সকল মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি—এই মৌলিক প্রয়োজনগুলোর ব্যবস্থা করা। সংবিধানের দশম ধারায় যেটা আছে যে আয় ও সম্পদ বণ্টনের যে বৈষম্য আছে, সেটাকে কমিয়ে আনা। সহনীয় পর্যায়ে নামিয়ে আনা। পঞ্চমত, সংবিধানের ১৩ নম্বর ধারায় আছে, শ্রমিক, কৃষক ও অনগ্রসর জনগণের ওপর যে অর্থনৈতিক ও অ–অর্থনৈতিক শোষণ চলছে, সেটার অবসান ঘটানো।’
বিনায়ক সেন বলেন, জিন্নাহ, নেহরু, গান্ধী—সবাই ছিলেন উচ্চশিক্ষিত। তাঁরা বিদেশে পড়াশোনা করেছেন। ধনী পরিবার থেকে এসেছেন। বঙ্গবন্ধু এসেছিলেন নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে। নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে এলেও সেই পরিবারে বোধের শক্তি ছিল বলে উল্লেখ করেন বিনায়ক সেন। তিনি বলেন, একবার শেরেবাংলা এ কে ফজলুল হক সম্পর্কে রাজনৈতিক কারণে বঙ্গবন্ধু একটু বিরক্ত ছিলেন এবং সেটা প্রকাশ করেছিলেন। বঙ্গবন্ধুর বাবা তাঁকে ডেকে নিয়ে বললেন, সবার সম্পর্কে সমালোচনা করবে সেটা ঠিক, কিন্তু শেরেবাংলা সম্পর্কে বলার সময় একটু মনে রেখো, বাংলার কৃষকদের জন্য তিনি অনেক কাজ করেছেন। নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে এলেও বঙ্গবন্ধুর পরিবারে প্রজ্ঞা ছিল। জ্ঞানের গরিমা ছিল না, বোধের শক্তি ছিল। বঙ্গবন্ধুর মধ্যেও তাই।