বঙ্গবন্ধুকে নিয়ে চট্টগ্রামে এক সেমিনারে বক্তারা বলেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে মুখে ফেনা তুলে ফেলেন অনেকে। অথচ মুক্তিযুদ্ধের চেতনা কী, বঙ্গবন্ধু কী, জয় বাংলা কী—সেটা জানেন না। বঙ্গবন্ধুকে জানতে হলে পড়ালেখার বিকল্প নেই। বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে।
‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
সেমিনারে মহিউদ্দিন চৌধুরী বলেন, দলে থেকে অনেকে অপকর্ম করছেন। অনেকে পদ পেয়ে বিভিন্ন অপকর্মে জড়াচ্ছেন। বঙ্গবন্ধুর মতো সংগ্রামী, দেশপ্রেমিক হতে তিনি সবাইকে আহ্বান জানান।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আগামী দিনের পথে এগিয়ে যেতে হবে। মুখে বঙ্গবন্ধুর কথা বললেও যদি হৃদয়ে ধারণ না করা হয়, তাহলে তাঁর স্বপ্নের সোনার বাংলা করা সম্ভব হবে না।
মনজুরুল আহসান বুলবুল বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুকে জানা যাবে না, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। তিনি বলেন, ২০২১ সাল পর্যন্ত আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে দলের ভেতর ‘খন্দকার মোশতাকদের’ চিহ্নিত করতে হবে।
প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সিইউজের সভাপতি এজাজ ইউসুফী। সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন সিইউজের ৫৫ বছর উদ্যাপন পরিষদের আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি আতাউল হাকিম, এম নাসিরুল হক, মোস্তাক আহমেদ ও শহীদ উল আলম, সমীর বড়ুয়া ও আসিফ সিরাজ।