বঙ্গবন্ধুকে নিয়ে 'জনকের মুখ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৫টি ছোটগল্প। সবগুলো গল্প তাঁকে নিয়ে লেখা, যিনি বাংলাদেশ নামক স্বাধীন দেশের স্থপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গল্পগুলোতে মূর্ত হয়েছেন স্বয়ং বঙ্গবন্ধু। জেলবন্দী মুজিব থেকে শুরু করে ’৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে নিহত হওয়ার ঘটনা পর্যন্ত বইটির ব্যাপ্তি। বইটির শুরু হয়েছে আবুল ফজলের লেখা ‘ইতিহাসের কণ্ঠস্বর’ গল্প দিয়ে। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ঐতিহাসিক ভাষণ থেকে নিহত হওয়ার ঘটনা এসেছে এই গল্পে। আর শেষ গল্পটা লিখেছেন মোজাম্মেল হক নিয়োগী। নাম ‘মৃত্তিকার করতলে’। শওকত ওসমানের ‘দুই সঙ্গী’র মতো বেশ কয়েকজন লেখকও সত্য ঘটনা অবলম্বনে লিখেছেন গল্প। সবগুলোই জাতির জনককে নিয়ে লেখা। ৫৫ জন লেখকই গল্পের ছলে একেক রকমভাবে প্রকাশ হয়েছেন বঙ্গবন্ধু। সেসব গল্প নিয়ে প্রকাশিত গল্প সংকলন জনকের মুখ। সম্পাদনা করেছেন আখতার হুসেন।
গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে গল্পসংকলনটিন মোড়ক উন্মোচন করা হয়। এই মাটি, এই দেশ, দেশের মানুষের জন্য জনকের ভালোবাসা, আত্মত্যাগ, সংগ্রাম, স্বপ্ন—সব কিছুই প্রকাশ পেয়েছে কোনো না কোনোভাবে। তেমনি জনকের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা, তাও ফুটে উঠেছে গল্পগুলোতে—জানালেন সংকলনটির সম্পাদক আখতার হুসেন। এর আগে সম্মিলিতভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতজন রামেন্দু মজুমদারে সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, গবেষক ও প্রাবন্ধিক বিশ্বজিৎ ঘোষ। স্বাগত বক্তব্য দেন কথাপ্রকাশের প্রকাশক জসিম উদ্দিন।
অনুষ্ঠানের সূচনা হয় ‘ওই মহামানব আসছে’ গানের সঙ্গে তাবাসসুম আহমেদ ও তাঁর দলের কোরিওগ্রাফির মধ্য দিয়ে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ। প্রকাশিত বই ও গতকালের প্রকাশনা উৎসবকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অভিনন্দনপত্র পাঠ করেন মাহমুদা আখতার।
বইটির প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। দাম রাখা হয়েছে ৮০০ টাকা।