বঙ্গবন্ধুকে নিয়ে আরও গবেষণার আহ্বান রাষ্ট্রপতির
মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আরও বেশি গবেষণা ও প্রকাশনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির সম্প্রতি প্রকাশিত মুজিব মানেই মুক্তি প্রবন্ধের বইটি রাষ্ট্রপতিকে উপহার দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মুজিব মানেই মুক্তি বইটি নবগঠিত ‘বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরাম, ইউকে’-এর প্রথম প্রকাশনা। সাংবাদিক নাদিম কাদির ওই সংগঠনের উপদেষ্টা এবং সম্পাদনা পরিষদের উপদেষ্টা সম্পাদক।
সংগঠনের সদস্যসচিব সুজাত মনসুরের সম্পাদনায় বইটিতে যাঁদের লেখা আছে, তাঁদের মধ্যে রয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা, সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী, লেখক সৈয়দ শামসুল হক, কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, অভিনেতা আলী যাকের, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আনিসুল হক প্রমুখ।
বইটির ভূমিকা লিখেছেন আবদুল গাফ্ফার চৌধুরী।