বঙ্গবন্ধুকে নিয়ে ২২ হাজার পৃষ্ঠার নথি উন্মুক্ত করবে এসবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে রক্ষিত ২২ হাজার পৃষ্ঠার নথি শিগগিরই উন্মুক্ত (ডিক্লাসিফাইড) করবে পুলিশের বিশেষ শাখা (এসবি)। জাতীয় শোক দিবস উপলক্ষে এসবি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে সংস্থাটির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি এ কথা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মালিবাগে এসবি কার্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত ওই কর্মসূচিতে পুলিশের বিভিন্ন পর্যায়ের ৬৪ জন কর্মকর্তা রক্ত দিয়েছেন। কর্মসূচির উদ্বোধন করেন এসবির অতিরিক্ত মহাপরিদর্শক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসবির উপমহাপরিদর্শক-ডিআইজি (প্রশাসন) মীর শহীদুল ইসলাম। আরও বক্তব্য দেন ডিআইজি (রাজনৈতিক) মাহবুব হোসেন এবং বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এ জেড এম নাফিউল ইসলাম।

অনুষ্ঠানে এসবির প্রধান জাবেদ পাটোয়ারী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশকে জানা যাবে না। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সঙ্গে এসবির অনেক স্মৃতি রয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে ২২ হাজার পৃষ্ঠার অসাধারণ দুর্লভ নথি রয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নথিগুলো প্রকাশ (ডিক্লাসিফাইড) করার নির্দেশ দিয়েছেন। অল্প কিছু দিনের মধ্যে জাতীয় আর্কাইভসে এসব ঐতিহাসিক নথি হস্তান্তর করা হবে। সেখান থেকে রাষ্ট্রীয় ও ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুকে নিয়ে আগ্রহী গবেষকেরা সেগুলো নিয়ে কাজ করতে পারবেন।

এসবির কর্মকর্তারা জানান, এসবির বিভিন্ন কাজের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো রাজনৈতিক ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের তথ্যও সে সময় সংগ্রহ করেছিলেন এসবির কর্মকর্তারা। সেসব নথি সব মিলিয়ে ২২ হাজার পৃষ্ঠা হয়েছে। এগুলো অচিরেই উন্মুক্ত করা হবে।