
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে সরানো যায়নি এবং বাংলাদেশের অগ্রগতিও রোধ করা যায়নি।
আনিসুজ্জামান বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো উদ্দেশ্য তাদের ছিল না, বরং বাংলাদেশের যে স্বাভাবিক যাত্রাপথ সেখান থেকে বাংলাদেশকে সরাতে চেষ্টা করেছিল এবং খানিক সফলও হয়েছিল। তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই বাংলাদেশের অগ্রগতি নিরোধ করা যাবে, বঙ্গবন্ধুকে মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়া যাবে।’
রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গতকাল রোববার বিকেলে এক একক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘সাম্প্রতিক এই জঙ্গিবাদ আমাদের বিকারের একটা প্রতিফলন। এ দেশের মানুষ স্বাভাবিকভাবেই এই বিকারকে রোধ করবে এবং তা করলেই বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন সম্ভবপর হবে।’
অনুষ্ঠানে একক বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর আলোকে তাঁর জীবন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন অসীম সাহসী। তিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট দূর করার জন্য রাজনীতি করতেন। তিনি বাংলাদেশের শাসনতন্ত্রের চার ভিত্তি ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র এসবের প্রয়োজনীয়তা অনুধাবন করেছিলেন।’
স্বাগত ভাষণে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘জাতীয় শোক দিবস গতানুগতিকভাবে পালন না করে মন থেকে পালন করা উচিত। এ দিবস স্মরণে অনুষ্ঠানগুলো দেখে অনেক বেশি আনুষ্ঠানিক বলে মনে হয়।’
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও স্বাধীনতা-উত্তর বাংলাদেশ নিয়ে জাপানি চলচ্চিত্রকার নাগিশা ওশিমা নির্মিত প্রামাণ্যচিত্র জয় বাংলা দেখানো হয়।