বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি হাত বাঁধা ছিল: সফিউল্লাহ
সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস আমার জন্য কষ্টকর দিন। এই দিনে আমি বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। আমার হাত বাঁধা ছিল।’
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কে এম সফিউল্লাহ এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় সেনাপ্রধান ছিলেন কে এম সফিউল্লাহ।
সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবস আমার জন্য কষ্টকর একটি দিন। এই দিনে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আমি বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। চারদিক থেকে আমার হাত বাঁধা ছিল।’
বঙ্গবন্ধু হত্যার দিনের ঘটনা বর্ণনা করে সফিউল্লাহ বলেন, ওই দিন মেজর ডালিম ও অন্যরা তাঁর কক্ষে অস্ত্র নিয়ে ঢোকেন। তিনি ওই সময় বাধ্য হয়ে মোশতাক সরকারের প্রতি সমর্থন দিয়েছিলেন। তখন উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে একজন প্রশ্ন করেন, ‘স্যার, যখন আপনার কাছ থেকে স্বাক্ষর নিচ্ছিল, তখন আপনি মৃত্যুকে মেনে নেননি কেন?’ এ সময় সফিউল্লাহ দাঁড়িয়ে ওই ব্যক্তির উদ্দেশ্যে বলেন, ‘আমাকে বাধ্য করা হয়েছে। কিন্তু আপনি (প্রশ্নকর্তা) সে সময় কী করেছেন?’ এ সময় আলোচনা অনুষ্ঠানে হইচই শুরু হয়। অতিথিদের অনেকে ওই প্রশ্নকর্তাকে থামানোর চেষ্টা করেন।
আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা কেবল কয়েকজনের ষড়যন্ত্র ছিল না। এটি ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র।
সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।