বঙ্গবন্ধুকে শিশুদের কাছে তুলে ধরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবতাবোধ ও রাজনৈতিক আদর্শকে শিশুদের মধ্যে সঞ্চারিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন একটি আলোচনা সভায় অংশ নেওয়া বক্তারা।
গতকাল সোমবার ঢাকার নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও নতুন প্রজন্ম’ শীর্ষক এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ছিল মানবতাবোধ। তিনি ছিলেন নির্লোভ ও দেশপ্রেমের মূর্ত প্রতীক। শিশুর কাছে তাই বঙ্গবন্ধুকে তুলে ধরার বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে।
বিশেষ অতিথি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘আমরা দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধুর রক্তের ঋণের ওপরে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে ইতিহাস বিকৃতির ভেতর দিয়ে কয়েকটি প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে অস্পষ্ট করে তোলা হয়েছিল। এ বিষয়ে শিশুকে সচেতন করে তোলা অভিভাবকের নৈতিক দায়িত্ব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, নাট্যজন ড. ইনামুল হক, কবি মুহাম্মদ নূরুল হুদা প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সদস্যদের অংশগ্রহণে ‘জনক আমার জনক’ শীর্ষক এক গীতি-আলেখ্য পরিবেশিত হয়।