বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘সার্বজনীন’ করতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে আওয়ামী লীগ। দলটি চায়, জাতির পিতার জন্ম ও শাহাদতবার্ষিকী দলমত-নির্বিশেষে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে পালন করবে।
গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
সভায় সৈয়দ আশরাফ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আশা করি, বঙ্গবন্ধুকে সার্বজনীন করতে সকলেই আমাদের সহযোগিতা করবেন। কেননা যত দোষ-ত্রুটিই থাক, অনেকে অনেক সমালোচনাও করতে পারেন। কিন্তু বঙ্গবন্ধুই এ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় কেউ এটি হতে পারে না।’ বঙ্গবন্ধুকে নিয়ে নিজস্ব স্বকীয়তা থেকে অনুষ্ঠান, সংবাদ প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোনো কর্মসূচি কিংবা অনুষ্ঠান চাপিয়ে দিতে চাই না। চাপিয়ে দেওয়া কোনো কিছু মৌলিকও হয় না।’
সভায় সাংবাদিকেরা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও প্রচার দেখে মনে হয়, বঙ্গবন্ধু শুধুই আওয়ামী লীগের সম্পত্তি। বঙ্গবন্ধুর জন্ম ও শাহাদতবার্ষিকী জাতীয়ভাবে পালন করতে হলে আওয়ামী লীগকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।
সাংবাদিকেরা বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুনে জাতির পিতা বঙ্গবন্ধুকে যথেচ্ছ ব্যবহার এবং শোক দিবস উপলক্ষে চাঁদাবাজি বন্ধের দাবি জানান। জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ১৫ আগস্টকে ঘিরে চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর ছবি যথেচ্ছ ব্যবহার রোধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গণমাধ্যমকে এড়িয়ে চলার প্রবণতা সম্পর্কে সভায় উপস্থিত একাধিক সাংবাদিকের অভিযোগের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘প্রতিদিন মিডিয়াতে কথা বললে পপুলারিটি (জনপ্রিয়তা) বাড়ে না, বরং কমে। আর যত কম কথা বলা যায়, ততই ভুল হওয়ার সুযোগ কম থাকে। প্রতিদিন কথা বললে একটি মিথ্যা কথা ঢাকতে অনেক মিথ্যা কথাও বলতে হয়। আর আমি প্রতিদিন কথা বলব, আমাদের দলের অন্য নেতারা সুযোগ পাবেন না, এটা তো ঠিক নয়।’