বঙ্গবন্ধুকে হত্যার পর বিচার বিভাগ হয়েছিল পরাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাহাত্তরের সংবিধানে বিচার বিভাগ স্বাধীন ছিল। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধান নিয়ে ফুটবল খেলা হয়েছিল। সেখানে বিচার বিভাগ হারিয়ে গিয়েছিল, হয়েছিল পরাধীন। এরপর ২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন করা হয়।
গতকাল রোববার সন্ধ্যায় মানিকগঞ্জে নবনির্মিত মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, মুখ্য বিচারিক হাকিম শারমিন নিগার, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি খলিলুর রহমান প্রমুখ।
আনিসুল হক বলেন, দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে মাথাপিছু আয় এখন ১ হাজার ৪৬৫ মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রেলগাড়িতে উঠেছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি আরও বলেন, উন্নয়নের জন্য বড় প্রয়োজন আইনের শাসন। আইনজীবীদের মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়। তিনি মানিকগঞ্জে বিচারকদের আবাসনের জন্য দুটি বাসভবন ও আইনজীবীদের জন্য চেম্বার নির্মাণের ঘোষণা দেন।