এফবিসিসিআইয়ের আলোচনা সভায় বক্তারা
বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির স্বপ্ন বাস্তবায়নে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ
দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির জন্য কাজ শুরু করেছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তাঁকে হত্যা করেছে। তবে তাঁর আদর্শকে কখনোই হত্যা করা যাবে না। আর বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির স্বপ্ন বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আলোচনা সভায় ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের কার্যালয়ে এই আলোচনা সভা ছাড়াও দোয়া মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, বঙ্গবন্ধু জীবনের সব সুখ-শান্তি বিসর্জন দিয়ে আজীবন বাঙালি জাতির মুক্তির জন্য কাজ করেছেন। অথচ দেশ স্বাধীনের পর ষড়যন্ত্রকারীরা তাঁকে হত্যা করল।
শেখ সেলিম বলেন, ‘জিয়াউর রহমান নাহয় ষড়যন্ত্রকারীদের সঙ্গে ছিলেন, সেনাপ্রধান সফিউল্লাহ তখন কী করেছিলেন। বঙ্গবন্ধু হত্যার এক ঘণ্টা আগে ক্যান্টনমেন্ট থেকে যখন ট্যাংক নিয়ে সেনাবাহিনী বের হলো, তখনই সেনাপ্রধানকে সেই খবর দিয়েছিলেন কর্নেল সালাউদ্দিন। কী ব্যবস্থা নিয়েছিলেন তখন সেনাপ্রধান? বঙ্গবন্ধু আক্রান্ত হওয়ার পর সফিউল্লাহকে দুবার ফোন দিয়েছিলেন। কী করেছিলেন তিনি? শুধু সফিউল্লাহ নন, বড় সেনা কর্মকর্তারা কী করেছেন।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, স্বাধীনতার পর এই বাংলাদেশ ছিল বিধ্বস্ত। সেখান থেকে দেশকে এগিয়ে নিয়েছিলেন বঙ্গবন্ধু।
সভায় সূচনা বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু পরিকল্পনা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন তার বাস্তবায়ন চলছে। ব্যবসায়ীরা সবাই দেশকে এগিয়ে নেওয়ার ব্যাপারে বর্তমান সরকারকে সহায়তা করবেন।
সভায় আরও বক্তব্য দেন কাজী আকরাম উদ্দিন আহ্মদ, সালমান এফ রহমান, এ কে আজাদ, মীর নাসির হোসেন প্রমুখ।