
দেশের বিভিন্ন স্থানে বিনম্র শ্রদ্ধায় গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে সভায় বক্তারা দেশের জন্য বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদন এবং জঙ্গিবাদ প্রতিহতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: সকাল থেকে নগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, শোক মিছিল, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, রক্তদান, প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়, নগর ও জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।
বরিশাল: প্রথম প্রহরে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব ও কৃষকনেতা আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ জেবুন্নেছা আফরোজ। একই সময় বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. গাউস, মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রফিকুল ইসলাম প্রমুখ। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরের বিভিন্ন স্থানে দিনব্যাপী আলোচনা, মোনাজাত ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কুষ্টিয়া: সকাল নয়টায় শহরের মজমপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার প্রলয় চিসিম। শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। মেহেরপুরে শোক মিছিল ও শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়: সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান জাতীয় পতাকা অর্ধনমিত করেন। কালো পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি’ শীর্ষক আলোকচিত্র দেখানো হয়। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদন এবং জঙ্গিবাদ প্রতিহতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
পিরোজপুর: সকালে শহরের উপজেলা পরিষদ এলাকায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহরে শোক মিছিল বের করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে শোক সভা হয়। বিচারক ও আদালতের কর্মকর্তারা শহরে পৃথক শোক মিছিল করেন।
চুয়াডাঙ্গা: সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোক র্যালি বের হয়ে শ্রীমন্ত টাউন হলে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান ও আলোচনা সভা হয়। স্বাস্থ্য বিভাগ রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
ভোলা: জেলার ১ হাজার ৫৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শোক র্যালি, মিলাদ মাহফিল, কাঙালি ভোজ, আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন প্রতিযোগিতা হয়। বিভিন্ন উপজেলা শহরে স্থানীয় সাংসদদের নেতৃত্বে শোক মিছিল হয়।
ফরিদপুর: সকাল আটটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। ১০টার দিকে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ রক্তদান কর্মসূচির আয়োজন করে। ফরিদপুর জেনারেল হাসপাতালে বিকেল পাঁচটা পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
পটুয়াখালী: সকাল নয়টায় শহরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১০টার দিকে পিডিএসএ মাঠ থেকে শোক মিছিল বের হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। সকাল নয়টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যের পাদদেশে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা হয়।
সাতক্ষীরা: ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোক মিছিল বের হয়।
নড়াইল: বেলা ১১টায় কালিয়া আব্দুস সালাম ডিগ্রি কলেজের মাঠ থেকে শোক মিছিল বের করা হয়। পরে পৌরসভা কমিউনিটি সেন্টার চত্বরে স্মরণ সভা হয়। এ ছাড়া জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করে।
এ ছাড়া রাজবাড়ী, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাগুরা ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়।