বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে আজকের আওয়ামী লীগ অনেক দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে যে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ তা থেকে অনেক দূরে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতারা।গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় এ মন্তব্য করেন তাঁরা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে অর্থ ও ক্ষমতার পেছনে ছোটার সমালোচনা করেন। তিনি বলেন, ‘তারা কালো কোট পরছে, বঙ্গবন্ধুর নাম ভাঙাচ্ছে; কিন্তু কাজ করছে উল্টা।’ড. কামাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়া রাজনীতির লক্ষ্য হতে পারে না। বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাননি। তাজউদ্দীন আহমদও জীবন দিয়ে তা প্রমাণ করেছেন। যাঁরা দিনবদলের প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে পারেন না, তাঁদের রাজনীতি থেকে সরে যেতে বলুন।’প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, ‘বঙ্গবন্ধু তাঁর ছয় দফার একটির সঙ্গেও আপস করতে রাজি হননি বলে যুদ্ধ হয়। সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। আজ তাঁর কন্যা বলছেন, প্রধানমন্ত্রিত্ব চাই, সে জন্য রাষ্ট্রধর্ম ইসলাম চাই।’আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি বঙ্গবন্ধুর সাহচর্য পাইনি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে দেখিনি। তবে, তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়ে যা বুঝেছি, তাতে বলতে পারি, বঙ্গবন্ধুর সেই আওয়ামী লীগ আজ নেই। এখনকার আওয়ামী লীগ বিলাসিতার পাহাড়ে ভাসছে।’ সভাপতির বক্তৃতায় প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আনুগত্যের আজ মূল্যায়ন নেই, এক-এগারোর পর কাঁটাতারের বেড়া ধরে কে একটু ছবি তুলেছেন; সে আনুগত্যের বিচার হচ্ছে। অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ছাত্রলীগের সাবেক নেতা মোস্তফা মহসীন মন্টু, সাবেক প্রতিমন্ত্রী আবুল কাশেম, মফিদুল ইসলাম কামাল, সেক্টর কমান্ডারস ফোরাম-৭১-এর সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের নেতা মনিরুল হক প্রমুখ।