বঙ্গবন্ধুর আত্মজীবনী হাতে পেয়ে আবেগে ভাসলেন দুই কন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী হাতে পেলেন তাঁর দুই কন্যা। বইটির প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের কর্ণধার মহীউদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানার হাতে বইটি তুলে দেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই বইটির মোড়ক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রকাশনা উৎসব হবে। বাবার আত্মজীবনী হাতে পেয়ে আবেগাপ্লুত শেখ হাসিনা ও শেখ রেহানা তাঁর স্মৃতিচারণা করেন। তাঁরা বলেন, ‘এত দিন এটা আমাদের নিজস্ব সম্পদ ছিল। এখন তা জনগণের সম্পদ। এই বই থেকে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে। বিশেষ করে দেশের স্বাধীনতাসংগ্রাম ও ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যাবে।’প্রধানমন্ত্রী এ সময় বলেন, ‘বঙ্গবন্ধু যেভাবে লিখে গেছেন, অবিকল সেভাবেই রাখা হয়েছে। এখানে হাত দেওয়া হয়নি যাতে ইতিহাস সঠিক থাকে।’শেখ রেহানা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযজ্ঞের পর অনেক কষ্টে সংগ্রহে রাখতে হয়েছে বঙ্গবন্ধুর লিখে যাওয়া অসমাপ্ত এই আত্মজীবনী। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লেখা শুরু করেন। কিন্তু পুরোপুরি শেষ করে যেতে পারেননি। বঙ্গবন্ধুর এ আত্মজীবনীর ইংরেজি অনুবাদ দি আনফিনিশড মেময়ারসও প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফখরুল আলম ইংরেজি অনুবাদ করেছেন। বইটির প্রকাশনার সঙ্গে যুক্ত ইতিহাসবিদ অধ্যাপক সালাহউদ্দিন আহমদ, শামসুজ্জামান খান, বেবী মওদুদ ও ফখরুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রয়াত এনায়েতুর রহিম ও অধ্যাপক শামসুল হুদা হারুনও এর সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের নেতাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও এনামুল হক শামীম এ সময় উপস্থিত ছিলেন।