
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার পৃথক কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরাসহ তাঁর জীবনাদর্শ অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
রাজধানীজুড়ে বিভিন্ন সংগঠনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরআনখানি ও দোয়া মাহফিল। এ ছাড়া বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। জাতীয় সংসদের পক্ষে শ্রদ্ধা জানান কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারপারসন ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে দলের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য মীজানুর রহমানের নেতৃত্বে শিক্ষকেরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে পুরান ঢাকার বিভিন্ন বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের মিলনায়তনে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ সময় বক্তৃতা করেন।
সংগঠনের মহাসচিব ইকবাল আর্সলানের নেতৃত্বে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর সকাল নয়টায় বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, নর্থ সাউথ ইউনিভার্সিটি, কারিগরি শিক্ষা বোর্ড, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, তিব্বতিয়া হাবিবিয়া কলেজ, আওয়ামী তরুণ লীগ, মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান ফোরাম ’৭১, বাংলাদেশ জালালী পার্টি, চেতনায় মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
বাংলা একাডেমিতে আলোচনা: বাংলা একাডেমির আয়োজনে দিবসটি উপলক্ষে আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, বঙ্গবন্ধু বাকশালকে একদলীয় শাসন মনে করতেন না। তিনি ভাবতেন দেশ পরিচালনার জন্য সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণে এটি একটি অভিন্ন মঞ্চ। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ’৭৫-এর পর ২১ বছর ধরে বঙ্গবন্ধুকে নিয়ে যে মিথ্যাচার হয়েছে, তাতে নতুন প্রজন্মের একটি বড় অংশের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়। এটি এখন কাটতে শুরু করেছে। বাকশাল প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, বাকশাল সম্পর্কে একধরনের ঢালাও সমালোচনা হয়। কিন্তু এ বিষয়ে কোনো বিশ্লেষণাত্মক আলোচনা হয় না। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র সেই অন্ধকার প্রদর্শিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর কর্মসূচি: শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ভবন ও ছাত্রাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় পরিবার। পরে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে দুই সহ-উপাচার্য নাসরীন আহমাদ ও সহিদ আকতার হুসাইনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নেতারা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে আরাধ্য বঙ্গবন্ধু শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পরে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করেন। এ ছাড়া চারুকলা অনুষদে বঙ্গবন্ধু শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে চারুকলা অনুষদ ছাত্রলীগ। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গণজাগরণ মঞ্চের আলোচনা: গণজাগরণ মঞ্চ ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা; আমরা কি ঠিক পথে?’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে শাহবাগ প্রজন্ম চত্বরে। সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের চার মূলনীতি—গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার প্রতি জোর দেন।
সভায় বক্তৃতা করেন মানবাধিকারকর্মী খুশী কবির, সাংবাদিক আবু সাঈদ খান, অধ্যাপক মেজবাহ কামাল, ভাস্কর রাসা, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত প্রমুখ।