বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে তাঁকে দ্বিতীয়বার হত্যা করা হয়েছে: সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তাঁর নীতি-আদর্শ থেকে সরে যাওয়ার অর্থ তাঁকে দ্বিতীয়বার হত্যা করা। বর্তমানে ক্ষমতাসীন সরকারের আচরণ দাঁড়িয়েছে, “তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি।”’
গতকাল মঙ্গলবার রাজধানীর মুক্তিভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিপিবি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক শক্তি পটপরিবর্তন ঘটিয়ে মুক্তিযুদ্ধের ধারায় অগ্রগতির পথকে উল্টে দিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দেশ এখনো উল্টো পথেই চলছে। তিনি আরও বলেন, সমাজতন্ত্র ও অসাম্প্রদায়িকতাকে বর্জন করে সাম্রাজ্যবাদী ও সাম্প্রদায়িকতাকে পোষণ করছে আওয়ামী লীগ।
সিপিবির সভাপতি বলেন, বঙ্গবন্ধুর ঘাতকদের বিচার হলেও হত্যাকাণ্ডের পেছনের রাজনৈতিক ষড়যন্ত্র উদঘাটন ও ষড়যন্ত্রকারীদের বিচার হয়নি। এ বিচার না হলে ইতিহাসের কলঙ্কমুক্তি হবে না।
দলের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য লক্ষ্মী চক্রবর্তী, আব্দুল্লাহ আল ক্বাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন প্রমুখ।