বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মকে চিরদিন প্রেরণা জোগাবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে দেশ গড়ার কাজে চিরদিন প্রেরণা জোগাবে। রাষ্ট্রপতি গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন। খবর বাসসের।বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সমিতির সভাপতি শেখ কবির হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার মাধ্যমে তাঁকে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। তিনি বলেন, যে নেতার জন্ম না হলে বাংলাদেশ হতো না, তাঁকেই তারা নির্মমভাবে হত্যা করল। তিনি বলেন, ‘আজ আমাদের দায়িত্ব হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।’বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিশন ২০২১’-এর কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে আমাদের সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে হবে। তিনি গোপালগঞ্জ সমিতির সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ ও আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে বঙ্গবন্ধুর বিশ্বাস ও আদর্শ তুলে ধরতে সমিতি যথাযথ ভূমিকা পালন করবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের কয়েকজনের ফাঁসির রায় কার্যকর করে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পরবর্তী জাতীয় শোক দিবসের আগে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হবে।আতিউর রহমান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। এ জন্য বঙ্গবন্ধুর আদর্শ জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর প্রত্যাশানুযায়ী সবাইকে সবার সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। শেখ কবির বলেন, বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে তাদের মদদদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।