বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে: শামসুদ্দিন
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা ও জয় বাংলা স্লোগান মুছে ফেলার সব ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম ও নৃশংসভাবে হত্যার পর দেশকে একাত্তরের পূর্বের অবস্থায় নেওয়ার চেষ্টা করা হয়েছিল।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে গতকাল শনিবার বঙ্গবন্ধু হত্যা মামলার পাঁচটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শামসুদ্দিন চৌধুরী এসব কথা বলেন।উচ্চ আদালতের এই বিচারপতি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ঐতিহাসিক রেসকোর্স ময়দান ধ্বংস করতে সেখানে শিশুপার্ক নির্মাণ করা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন বলেন, মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ বিরোধিতাকারী শাহ আজিজ, কর্নেল মোস্তাফিজ, আলীম, সোলায়মানদের ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। দেশের জনগণ সব ষড়যন্ত্র নস্যাৎ করেছে।যে পাঁচটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় সেগুলো হলো বঙ্গবন্ধু হত্যা মামলা—১. তদন্ত ও বিচার, ২. সাক্ষীদের জেরা প্রথম খণ্ড, ৩. সাক্ষীদের জেরা দ্বিতীয় খণ্ড, ৪. বঙ্গবন্ধু হত্যা মামলা—ডেথ রেফারেন্স এবং ৫. জেরা আর্গুমেন্ট ও রায়। সাংবাদিক এস এম আবুল হোসেন গ্রন্থগুলো সম্পাদনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আহমাদ, বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী আ ফ ম মোহিতুল ইসলাম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জাকির হোসেন খান। বাসস।