শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি, নিরক্ষরতা ও সাম্প্রদায়িকতামুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়েই আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাব। বঙ্গবন্ধুর আদর্শই জাতির এগিয়ে চলার মূল প্রেরণা।গতকাল সোমবার ঢাকা কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে তিনি এ কথা বলেনশিক্ষামন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদে পরিণত করে অর্থনৈতিক মুক্তি আনতে হবে।বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোকপাত করে শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরাই তাঁকে হত্যার মাধ্যমে প্রতিশোধ চরিতার্থ করে ইতিহাসের চাকা পেছন দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও অগ্রযাত্রা স্তব্ধ করার অপপ্রয়াস চালায় তারা। স্বাধীনতাবিরোধী ওই চক্র আজও সক্রিয়। শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রীদের নৈতিক মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নোমান উর রশীদ, ঢাকা কলেজের অধ্যক্ষ আয়েশা বেগম প্রমুখ বক্তব্য দেন।জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজেও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ দীপক কুমার নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তৃতা করেন শিক্ষাসচিব, মাউশির মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ অনেকে।