বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না : মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হলেও তাঁর আদর্শকে হত্যা করা যায়নি। বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না।
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার লন্ডনে যুক্তরাজ্য যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী স্বাধীনতাবিরোধীরা এখনো দেশ-বিদেশে সক্রিয়। তারা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না।
মোজাম্মেল হক বলেন, ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে। এর ধারাবাহিকতায় জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। সব হত্যাকাণ্ডের বিচার হবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে সবার সহযোগিতা চান তিনি।
জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় জাগরণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাঙালি একাত্তরে ঐক্যবদ্ধ ছিল, আজও আছে। বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গিবাদের স্থান হবে না।