বঙ্গবন্ধুর আদর্শে পররাষ্ট্রনীতি গড়ে তুলছি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি বৈরিতা নয়। এই নীতিতেই কিন্তু আমরা চলছি। এই নীতির আলোকেই আমরা পররাষ্ট্রনীতি গড়ে তুলছি। এটা বঙ্গবন্ধুর আদর্শ।’ দিনাজপুরের খানসামায় এক সংবর্ধনা অনুষ্ঠানে আজ সোমবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খানসামা পাইলট মডেল উচ্চবিদ্যালয় জাতীয়করণের তালিকাভুক্ত হওয়ায় বিদ্যালয় চত্বরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু একদিনে বঙ্গবন্ধু হননি। তাঁর পুরো জীবনটাই সংগ্রামের। আর এ সংগ্রাম ছিল সব অন্যায়ের বিরুদ্ধে, বাংলার মানুষকে স্বাধীন করতে। সেই লক্ষ্য অর্জনে একের পর আত্মত্যাগের কারণে বাংলার জনগণ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু করেছেন। আজ বঙ্গবন্ধুর দেখানো পথেই তাঁর যোগ্য মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন।’
এর আগে সোমবার সকালে পররাষ্ট্রমন্ত্রী আত্রাই নদের পাশে টিটিসি ভবন ও খানসামা ডিগ্রি কলেজের আইসিটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মোকছেদুল গনি শাহের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সোলেমান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ আবদুল জব্বার প্রমুখ।